পদ্মা সেতুর দরপত্র-প্রক্রিয়া তথ্য অধিকারের আওতায় আনার দাবি
তথ্য অধিকার আইন বাস্তবায়নের পরিস্থিতি সরেজমিনে দেখেছেন, এমন কয়েকজন ব্যক্তি পদ্মা সেতুর দরপত্র আহ্বান-প্রক্রিয়া তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।গতকাল সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন সভার আয়োজন করে। বিশ্বব্যাংক এতে সহায়তা করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, পদ্মা সেতুর দরপত্র আহ্বান-প্রক্রিয়া তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য অধিকার আইন মানুষকে গোপনীয়তার সংস্কৃতি থেকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংস্কৃতিতে নিয়ে যেতে সাহায্য করবে। তিনিও পদ্মা সেতুর দরপত্র-প্রক্রিয়া তথ্য অধিকার আইনের আওতায় আনার কথা বলেন।তথ্য অধিকার আইন বাস্তবায়নে মাঠপর্যায়ের সুবিধা-অসুবিধাগুলো চিহ্নিত করার জন্য বিপিএটিসি ও মানুষের জন্য ফাউন্ডেশন মানিকগঞ্জে একটি দিশারী প্রকল্প পরিচালনা করে। ওই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাওয়া কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রদানকারী কর্মকর্তারা অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে ‘গ্রাউন্ড রিয়েলিটিজ, ইস্যুজ অ্যান্ড পোটেনশিয়ালস অব আরটিআই ইমপ্লিমেন্টেশন: আ পাইলটিং কেস অব বিপিএটিসি-এমজেএফ কলাবরেশন ইন মানিকগঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক সানজিদা সোবহান।মোহাম্মদ জমির বলেন, বৈদেশিক সাহায্য সংস্থাগুলো থেকে সরকার যত টাকা পায় এবং যত টাকা খরচ করে, তা মানুষকে জানাতে হবে। তিনি বলেন, তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আর্থিক সুবিধা থাকা দরকার। সে জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর আলাদা বরাদ্দ থাকা দরকার। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তথ্য সংরক্ষণ-পদ্ধতি আধুনিক করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সংরক্ষণ-পদ্ধতি আধুনিক হলে তথ্য সরবরাহ করা সহজ হয়। এতে তথ্যদাতা ও গ্রহীতা—উভয়েরই হয়রানি কমে।অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর এ জেড এম শফিকুল আলম বলেন, বেশির ভাগ সরকারি কর্মকর্তা তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন না। মানিকগঞ্জের বেসরকারি প্রতিষ্ঠান এআরএবির আবদুর রশিদ সিকদার বলেন, মানুষের মধ্যে তথ্যের চাহিদা সৃষ্টি করতে হবে। চাহিদা থাকলে মানুষ তথ্য চাইবে।পুলিশ স্টাফ কলেজের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল ওহাব বলেন, ৬৪ জেলায় অন্তত ৬৪ জন পুলিশ কর্মকর্তাকে তথ্য অধিকার আইনের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট চার্লস উন্ডল্যান্ড, বিপিএটিসির এমডিএস (পিঅ্যান্ডএস) মো. মাহমুদুল হাসান প্রমুখ।