সিলেটে বিবিসি বাংলাদেশ সংলাপে আলোচকেরা
পদ্মা সেতুর দুর্নীতি দুদককে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে
পদ্মা সেতুর দুর্নীতি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। সম্প্রতি কানাডায় বাংলাদেশের একজন সাবেক প্রতিমন্ত্রী অভিযুক্ত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে দর্শক ও প্যানেল আলোচকেরা এ মতামত ব্যক্ত করেন।
সিলেট নগরের রিকাবী বাজারে কবি নজরুল ইসলাম মিলনায়তনে সংলাপ অনুষ্ঠান হয়। এতে সিলেটে আওয়ামী লীগের সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় দৈনিক পুণ্যভূমির সম্পাদক মুকতাদিস-উন-নূর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। দর্শকের প্রথম প্রশ্ন ছিল, পদ্মা সেতু প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগে কানাডায় বাংলাদেশের সাবেক একজন প্রতিমন্ত্রীর অভিযুক্ত হওয়ার বিষয়টি কি দুর্নীতি দমন কমিশনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে? এ প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক বলেন, অবশ্যই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আগের চেয়ে দুর্নীতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মুকতাদিস-উন-নূর বলেন, দুর্নীতি দমন কমিশনের কোনো নিজস্বতা নেই বলেই তারা কানাডার প্রতিষ্ঠানের সাহায্য নিচ্ছে। তাহমিনা ইসলাম বলেন, দুদক নিজের দেশের মানুষের কথার গুরুত্ব না দিয়ে বাইরের দেশের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে। অবশ্যই প্রশ্নবিদ্ধ করেছে তাদের ভূমিকা। হাফিজ আহমেদ মজুমদার বলেন, দুদকের কাজের সন্দেহের অবকাশ কতটুকু আছে জানি না, তবে এর পেছনে একটা ষড়যন্ত্রের জাল রয়েছে। হয়তো তাদের কাজ আশানুরূপ হচ্ছে না। তবে ধীরে ধীরে স্বচ্ছতা আসলে সমাজ উপকৃত হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের মোল্লাকে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ে রিভিউর সুযোগ না পেলে কি তাঁর অধিকার লঙ্ঘিত হবে? মুকতাদিস-উন-নূর বলেন, সংবিধান অনুযায়ী রিভিউর সুযোগ থাকলে তা না মানলে মানবাধিকার লঙ্ঘিত হবে। তাহমিনা ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক সংগঠনগুলো এ দাবি তুললেও আমাদের সংবিধান মেনেই এর রিভিউ করতে হবে।’
তবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর আস্থা থাকা উচিত জানিয়ে হাফিজ আহমেদ মজুমদার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাঁকে শেষ সুযোগ দেওয়া উচিত। তবে সেটা না পেলেও বিচার প্রশ্নবিদ্ধ হবে না। আরিফুল হক বলেন, সংবিধান মেনেই তাঁকে শেষ সুযোগ দেওয়া উচিত। না হলে বিচার অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। তৃতীয় প্রশ্ন ছিল, বিএনপির নেতা এম ইলিয়াস আলীসহ ‘নিখোঁজ’ ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখা যাচ্ছে কি? এ পর্যায়ে প্যানেল আলোচকেরা সবাই ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টি অমীমাংসিত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সংলাপে এ বিষয়ে আলোচনার একপর্যায়ে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে ৭০ ভাগ দর্শক মত প্রকাশ করেন, এ ঘটনা আগামী নির্বাচনকে প্রভাবিত করবে। বিবিসির মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠান প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ, উপস্থাপনা করেন আকবর হোসেন।
বিবিসির প্রেস অফিসার অনন্যা সান্যাল জানান, এটি বিবিসি বাংলাদেশ সংলাপের ৪১তম পর্ব। এই অনুষ্ঠান বিবিসি বাংলায় রোববার রাত আটটায়, চ্যানেল আইয়ে সোমবার রাত সাতটা ৫০ মিনিটে সম্প্রচার হবে। ২০১২ সালের নভেম্বর থেকে শুরু হওয়া বিবিসি বাংলাদেশ সংলাপের ৩৬টি অনুষ্ঠানে সাড়ে চার হাজারেরও বেশি দর্শক অংশ নিয়েছেন।