পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সব চিঠি প্রকাশের দাবি বিএনপির
পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সব চিঠি প্রকাশ করার আবারও দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ জানতে চায় বিশ্বব্যাংক কী কারণে চুক্তি বাতিল করেছে। বিএনপি আমলের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু চুক্তি বাতিল করেছে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার জবাবে মির্জা ফখরুল এ দাবি জানান। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছে। গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোট ঢাকা মহানগর ওই বিক্ষোভ সমাবেশ করে। তিন মাসের আল্টিমেটাম শেষে গত ১১ জুন এক সমাবেশ থেকে পাঁচটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকালের কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সেই কর্মসূচি আপাতত শেষ হলো। নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। বিএনপির মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, জামায়াতের নেতা মুজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।