বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির কারণে সারা বিশ্ব এই সরকারকে দুর্নীতিবাজ হিসেবে চিনেছে। একই সঙ্গে বাংলাদেশকেও দুর্নীতিবাজ বলেছে। এ কলঙ্কের দায়ভার সরকারকেই নিতে হবে।জাতীয়তাবাদী কৃষক দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ এ কথা বলেন।হান্নান শাহ অভিযোগ করেন, সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে কমিশনের টাকা পকেটে ভরছে। তারা নিজেরা চুরি করে তার দায়ভার চাপাচ্ছে জনগণের ওপর।দেশবাসীর বর্তমান দুরবস্থাকে ‘ভিক্ষা চাই না কুকুর সামলা’ পরিস্থিতির সঙ্গে তুলনা করেন হান্নান শাহ। তিনি বলেন, সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কুকুর জনগণের দিকে ছেড়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে ডিজেলে ভর্তুকি দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে তেলসহ অন্যান্য পণ্যের দাম ওঠানামা করে। কিন্তু সরকার এই পর্যন্ত কোনো জিনিসের দাম কমায়নি। বরং ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।