বিএনপির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়েছে, পদ্মা সেতুর অর্থায়নে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে বিশ্বব্যাংক। এই দুর্নীতির সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী জড়িত। প্রধানমন্ত্রীকে এই দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে।নির্বাহী কমিটির এই সিদ্ধান্তের কথা গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গত রোববার দলটির জাতীয় নির্বাহী কমিটির তৃতীয় সভার প্রস্তাব ও সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানাতে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়, বর্তমান অর্থনৈতিক সংকটের সময় নতুন করে কোনো ব্যাংক অনুমোদনের প্রয়োজন নেই। তার পরও দলীয় লোকজন ও আত্মীয়স্বজনকে লুটপাটের সুযোগ করে দিতে মহাজোট সরকার আরও নয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। তা ছাড়া একটি ব্যাংক করতে ৪০০ কোটি টাকার প্রয়োজন। তাই নতুন ব্যাংকের অনুমোদনপ্রাপ্তদের অর্থের উৎস সম্পর্কে দেশবাসীকে জানানোর জন্য বিএনপির নির্বাহী কমিটির সভা থেকে দাবি তোলা হয়েছে।সভায় ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে করা চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে বলা হয়, সরকার কেবল একটি প্রতিবেশী দেশের সমস্যা সমাধানে কাজ করছে। অথচ নিজ দেশের যৌক্তিক দাবিগুলো আদায়ে কোনো ভূমিকা রাখছে না। সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।প্রধান বিরোধী দলের নির্বাহী কমিটির সভার প্রস্তাবে আরও বলা হয়, সমুদ্র বিজয়ের নামে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যে প্রচার চালাচ্ছেন, তা জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল মাত্র। এটা উদ্ভট সাফল্যের ন্যক্কারজনক অপপ্রচার। সভা মনে করে, আইএসআইয়ের কাছ থেকে বিএনপি টাকা নিয়েছে বলে সরকারি দলের অপপ্রচারের কারণ হলো গত নির্বাচনের আগে পার্শ্ববর্তী দেশের কাছ থেকে আওয়ামী লীগের টাকা নেওয়ার বিষয়টি আড়াল করা।সভায় সংসদের স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, স্পিকার সর্বশেষ অধিবেশনের সমাপনি দিনে বিরোধীদলীয় নেত্রী সম্পর্কে অশোভন ও অসংসদীয় মন্তব্য করেছেন। এসব মন্তব্য এক্সপাঞ্চ করার দাবি জানানো হয়। এ ছাড়া পঞ্চদশ সংশোধনী বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তাণ্ডব বন্ধ ও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার দাবি জানানো হয়। এ ছাড়া আগামী দুই মাসের মধ্যে বিএনপির সব জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রতিটি জেলায় বর্ধিত সভা আহ্বানের সিদ্ধান্ত হয়।