পদ্মা সেতুর নকশা নিয়ে স্থায়ী কমিটির সভায় উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নকশা-সম্পর্কিত কাগজপত্র সংসদীয় কমিটিতে পাঠানো নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উত্তপ্ত আলোচনা হয়েছে। এর একপর্যায়ে কমিটির সরকারি দলের দুই সদস্য ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী ও গোলাম মাওলা সভা থেকে বের হয়ে চলে যান। সংসদ ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জিল্লুল হাকিম, এইচ এম গোলাম রেজা, অপু উকিল এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বলা হয়, নকশায় ত্রুটি থাকার কারণে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দিয়েছে। এটাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে পদ্মা সেতুতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য এই সেতুর নকশা-সম্পর্কিত সব কাগজপত্র সংসদীয় কমিটির দেখা প্রয়োজন। কমিটির আগামী বৈঠকে এ সংক্রান্ত কাগজপত্র দিতে বলা হলে মন্ত্রী এর বিরোধিতা করে বলেন, সব তথ্য আগেই দেওয়া ঠিক নয়। কমিটির দুজন সদস্য এ সময় কার্যপ্রণালি বিধি দেখিয়ে বলেন, কমিটির কাছে কাগজপত্র পাঠাতে মন্ত্রণালয় বাধ্য। এর একপর্যায়ে তিনজন সদস্য সভা ছেড়ে চলে যান। পরে মন্ত্রী প্রয়োজনীয় কাগজপত্র কমিটিতে পাঠানো হবে বলে জানান।বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুতে ফাটলের কারণ অনুসন্ধান করে দেখা গেছে, নকশায় ত্রুটি থাকায় ফাটল দেখা দিয়েছে। এই ফাটলের কারণে সেতুর স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি এ জন্য দায়ী। এ ছাড়া যাঁরা কাজটি বুঝে নিয়েছিলেন, তাঁরাও দায়ী। মুজিবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর মতো পদ্মা সেতুতে কোনো ত্রুটি থাক, সেটা আমরা চাই না। এ কারণে নকশা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে।’ তিনি বলেন, ওই কাগজপত্র পাওয়া গেলে সেতুর ব্যয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হলে সেটা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিদেশ থেকে সেতু নির্মাণের অভিজ্ঞতা নেওয়া হবে বলেও তিনি জানান।সভায় তিনজন সদস্যের বের হয়ে যাওয়া প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, ‘তাঁদের কাজ থাকায় আগে চলে গেছেন।’ তবে কমিটির সদস্য গোলাম মাওলা সাংবাদিকদের বলেছেন, কমিটির প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রী ও মন্ত্রণালয় দিতে না চাওয়ার প্রতিবাদে তাঁরা সভা বর্জন করেছেন।