পদ্মা সেতুর নদী শাসনে দরপত্র দিল ৩ প্রতিষ্ঠান
পদ্মা সেতু প্রকল্পের নদী শাসন কাজের চূড়ান্ত দরপত্র জমা হয়েছে আজ বৃহস্পতিবার। এতে তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো কোরিয়ার হুন্দাই কনস্ট্রাকশন কোম্পানি, চীনের সিনো হাইড্রো করপোরেশন ও বেলজিয়ামের দাজানদিনাল ।
এর মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হবে।
আজ রাজধানীর বনানীতে সেতু ভবনে এ দরপত্র জমা দেওয়া হয়। এরপর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রী বলেন, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ চূড়ান্ত করা হবে। মূল সেতুর জন্য ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। মূল সেতু ও নদী শাসন দুটি কাজই একসঙ্গে শুরু করা যাবে। নির্মাণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণে গত মঙ্গলবার চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে।
চায়না মেজর ব্রিজের সঙ্গে ১২ হাজার ১৩৩ কোটি টাকার চুক্তি হয়েছে। চার বছরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মূল সেতুর নির্মাণকাজ শেষ করবে। এরপর এক বছর রক্ষণাবেক্ষণ সময়। ওয়ারেন্টি এর পরের এক বছর। এই এক বছরে সেতুর কোনো সমস্যা হলে তা ঠিকাদারি প্রতিষ্ঠান দেখবে।
মূল সেতুর চূড়ান্ত দরপত্রে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিলেও একমাত্র চায়না মেজর ব্রিজ আর্থিক প্রস্তাব জমা দেয়। ফলে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের দেওয়া প্রস্তাবই গ্রহণ করে সরকার।
সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুসারে পদ্মা সেতুর মোট ব্যয় ২০ হাজার ৫০০ কোটি টাকা। তবে সব কাজের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হলে এর ব্যয় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বাড়তে পারে বলে সেতু বিভাগ সূত্র জানিয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের কাজ পাঁচটি বড় অংশে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে মূল সেতু, নদী শাসন, দুই পাড়ে দুটি সংযোগ সড়ক নির্মাণ ও নির্মাণ অবকাঠামো তৈরি (সার্ভিস এলাকা)। এর মধ্যে মূল সেতু, সংযোগ সড়ক ও নির্মাণ অবকাঠামো তৈরির ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। এই চারটি কাজের জন্য ঠিকাদারদের সঙ্গে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে।
প্রকল্পের খরচের মধ্যে জমি অধিগ্রহণ, নদীভাঙন প্রতিরোধ কাজ, তিনটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রয়েছে।