পদ্মা সেতুর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

পদ্মা সেতুর নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি বলেন, সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়েছে। ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

আজ বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ সব প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা বা সন্ত্রাসী হামলাসংক্রান্ত মামলার রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলতার পরিচয় দিয়েছে। ফলে জনগণের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।