পদ্মা সেতুর নির্মাণকাজে শ্রমিক নিয়োগের নামে অর্থ আদায়
দেশের বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেকার তরুণদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। পৌর সদরের কলেজ হাটের হোটেল ব্যবসায়ী হামিদুল ইসলাম কয়েক দিন ধরে বেকার তরুণদের কাছ থেকে ফরম পূরণ বাবদ এক হাজার টাকা করে নিচ্ছেন।
পৌর শহরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী হাফিজুর রহমান গত মঙ্গলবার রাতে পদ্মা সেতুতে শ্রমিক নিয়োগ করা হচ্ছে কি না—তা জানতে এই প্রতিবেদকের কাছে আসেন। তিনি জানান, হোটেল ব্যবসায়ী হামিদুল ইসলাম তাঁদের মহল্লায় এসে জানিয়েছেন, সেনাবাহিনীর একজন সদস্য তাঁর (হামিদুল) কাছে ২০০ জন শ্রমিক চেয়েছেন। প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন ২৫ হাজার টাকা। কেউ শ্রমিক হিসেবে যোগ দিতে চাইলে তাঁদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং ফরম পূরণ বাবদ এক হাজার টাকা দিতে হবে।
হামিদুলের কাছে আকর্ষণীয় বেতনের কথা শুনে হাফিজুর রহমানের এলাকার ২০ জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের কয়েকজন এক হাজার টাকা দিয়ে ফরমও পূরণ করেছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় হামিদুলের হোটেলে গিয়ে দেখা গেছে, ভেতরে হামিদুল ইসলাম ১০-১২ জন ছেলেকে নিয়ে বসে রয়েছেন। ভান্ডারীপাড়া অনুকূল কুমার, নলডাঙ্গার ফারুক হোসেন, রোয়ার উত্তরপাড়ার শ্রীচৈতন্য কুমারসহ কয়েকজন জানান, তাঁরা বেকার। হামিদুল ইসলামের মাধ্যমে তাঁরা পদ্মা সেতুর কাজে যাচ্ছেন। চলতি মাসের ১৮ তারিখে তাঁদের কাজে নিয়ে যাওয়া হবে।
জানতে চাইলে হামিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে পদ্মা সেতুর কাজ শুরু হবে। একজন সেনাসদস্য তাঁকে ২০০-৩০০ জন শ্রমিক সংগ্রহের দায়িত্ব দিয়েছেন। এ পর্যন্ত ১২ জন ব্যক্তি তাঁর কাছে ফরম পূরণ করে জমা দিয়েছেন। হামিদুলের কাছে ওই সেনাসদস্যের নাম ও পরিচয় জানতে চাইলে তিনি একটি মুঠোফোনের নম্বর দেন। ওই নম্বরে যোগাযোগ করা হলে এক ব্যক্তি জানান, তাঁর নাম সুমন, বাড়ি নওগাঁ সদরের বিহারীপাড়া গ্রামে। তিনি ঢাকায় ব্যবসা করেন। সেনাবাহিনীর এক সদস্য তাঁর কাছে শ্রমিক চেয়েছেন। সেই দায়িত্ব তিনি আক্কেলপুরের হামিদুলকে দিয়েছেন।
জানতে চাইলে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ বলেন, পদ্মা সেতুতে লোক নিয়োগের ব্যাপারে কোনো চিঠি তাঁদের কাছে আসেনি। এটা প্রতারণা হতে পারে। বিষয়টি তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।