পদ্মা সেতুর নির্মাণে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি শুষ্ক মৌসুমেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন। গতকাল রোববার সকালে গণভবনে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ড স্টেইন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, এ খাতে কোনো প্রকার অব্যবস্থাপনা যাতে না হয়, সেদিকে নজর রাখা হবে। এ ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় সর্বাধিক স্বচ্ছতা নিশ্চিত করার কথাও তিনি বলেন।বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আগামী জানুয়ারি মাসে সব প্রক্রিয়া শেষ করে পদ্মা সেতু নির্মাণে অর্থ ছাড় দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। তিনি জানান, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ১২০ কোটি ডলার (আট হাজার ৪০০ কোটি টাকা) দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে যাচ্ছে। বহুমুখী এই সেতু নির্মাণে মোট খরচ হবে ২৯০ কোটি ডলার।শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, এরই মধ্যে সেতু এলাকার ১৪ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত ৯৮ শতাংশই এই প্রক্রিয়ায় সন্তুষ্ট বলে তিনি উল্লেখ করেন।গত মাসে প্রধানমন্ত্রী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফরে গেলে সেখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জুলিয়াকের সঙ্গে তাঁর যে বৈঠক অনুষ্ঠিত হয়, গতকালের আলোচনা ছিল তারই ধারাবাহিকতা।এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।