পদ্মা সেতুর প্রাক-দরপত্রে ১০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর ঠিকাদারদের প্রাকযোগ্যতা যাচাই দরপত্রে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল বুধবার সেতু ভবনে আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্রের বাক্স খোলা হয়।এর আগে পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে প্রাকযোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হয়েছিল গত ১০ এপ্রিল। বিশ্বের বিভিন্ন দেশের ১১টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এর মধ্য থেকে সেতু বিভাগ পাঁচটি প্রতিষ্ঠানকে বাছাই করে মতামতের জন্য বিশ্বব্যাংকের কাছে পাঠায়। তখন তারা আবার দরপত্র আহ্বানের পরামর্শ দেয়।২০১১ সালের জানুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে সরকার ঘোষণা দিয়েছিল। সেতুর নকশা প্রণয়নে নিয়োজিত মনসেল এইকমের কর্মপরিকল্পনা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে ২০১৩ সালের ডিসেম্বরে শেষ করার কথা বলা হয়েছিল।পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি সংস্থা জাইকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)।যোগাযোগ মন্ত্রণলায় সূত্র জানায়, ইতিমধ্যে আইডিবি প্রতিশ্রুত অর্থ তাদের বোর্ডে অনুমোদন করেছে। এডিবির বোর্ডে দু-এক দিনের মধ্যে অনুমোদন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর জাপান সফরে কিংবা এর কিছুদিনের মধ্যে জাইকাও পদ্মা সেতুর জন্য প্রতিশ্রুত অর্থ তাদের বোর্ডে অনুমোদন করবে। বিশ্বব্যাংক কবে করবে তা বলতে পারেননি সেতু বিভাগের কর্মকর্তারা। সব দাতা পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্রুত ঋণ নিজ নিজ বোর্ডে অনুমোদনের পর বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ইতিপূর্বে বাতিল হওয়া দরপত্রে অংশ নেওয়া আটটি প্রতিষ্ঠান নতুন দরপত্রে অংশ নিয়েছে। দুটি কোরিয়ান প্রতিষ্ঠান নতুন করে অংশ নিয়েছে।জানা গেছে, নকশা অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে পানির অংশের স্প্যানের পাইলিংগুলো রেকিং পাইল হওয়ার কথা। এর যেখানে পানি নেই, অর্থাৎ দুই পাড়ের কাছাকাছি অংশে বোওর্ড পাইল হবে। রীতি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান আলাদা ঠিকাদার (সাব কন্ট্রাক্টর) নিয়োগ করে পাইলিং করে থাকে। কিন্তু বাতিল হওয়া দরপত্রে ঠিকাদাররা পাইলিংয়ের জন্য কাদের নিয়োগ দেবে এবং এদের কী অভিজ্ঞতা আছে তা উল্লেখ করেনি। বর্তমান দরপত্রে তা বাধ্যতামূলক করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার দরপত্র খোলা হয়েছে। এগুলো যাচাই-বাছাই চলছে।