পদ্মা সেতুর প্রাথমিক দরপত্রে ১১ প্রতিষ্ঠান অংশ নিয়েছে
পদ্মা সেতু নির্মাণের প্রাকেযাগ্যতা যাচাইয়ে ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাথমিক দরপত্র জমা দিয়েছে। অতীত অভিজ্ঞতাসহ নানা বিষয় মূল্যায়নের পর চূড়ান্ত দরপত্রের জন্য যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করবে সেতু বিভাগ। গতকাল মঙ্গলবার সেতু ভবনে মন্ত্রী ও কর্মকর্তাদের উপস্থিতিতে আগ্রহী ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র প্রস্তাব খোলা হয়। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, ১১টির মধ্যে চীনের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি—চারটি। বঙ্গবন্ধু সেতুর নির্মাণকারী হুন্দাইসহ কোরিয়ান প্রতিষ্ঠান রয়েছে তিনটি। এ ছাড়া বাংলাদেশ, ভারত, অস্ট্রিয়া ও স্পেনের কয়েকটি প্রতিষ্ঠানও প্রাকেযাগ্যতায় অংশ নিয়েছে। গতকাল ছিল মূল সেতুর প্রাকেযাগ্যতা দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে ৩৭টি প্রতিষ্ঠান দরপত্র দলিল কেনে। কিন্তু জমা দিয়েছে ১১টি প্রতিষ্ঠান। নদী শাসন ও সংযোগ সড়কের জন্য আলাদা দরপত্র আহ্বান করা হবে। নদী শাসনের প্রাকেযাগ্যতা যাচাই দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে বলে সেতু বিভাগ সূত্র জানায়।প্রায় সোয়া ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আড়াই শ কোটি মার্কিন ডলার। বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি উন্নয়ন সহায়তা সংস্থা জাইকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) সেতু প্রকল্পে অর্থায়ন করবে। আইডিবি অর্থ দেবে সংযোগ সড়ক নির্মাণে। আর নদী শাসনের তহবিল দেবে বিশ্বব্যাংক ও এডিবি। দরপত্র খোলার আগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতু নির্মাণে ঠিকাদারের সঙ্গে চুক্তি হবে। আগামী বছর জানুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদকালেই সেতুর নির্মাণকাজ শেষ হবে। সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন বলেন, এক মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল্যায়ন সম্পন্ন হবে। এরপর উন্নয়ন-সহযোগীদের অনুমোদনের জন্য পাঠানো হবে। তাঁদের অনুমোদন পেলে মূল দরপত্র আহ্বানের আগে ঠিকাদারদের দুই মাস সময় দেওয়া হবে। এদিকে সরকার আগামী জানুয়ারি মাসে সেতুর নির্মাণকাজ শুরু করার কথা বললেও এখনো দাতাদের সঙ্গে ঋণ চুক্তি হয়নি। জানা গেছে, আগামী আগস্ট মাসের দিকে দাতাদের একটি দল এসে সার্বিক বিষয় মূল্যায়ন করে নিজ নিজ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে। এরই ভিত্তিতে ঋণ চুক্তি হবে। এ ছাড়া সেতুর নিরাপত্তা, প্রকল্প এলাকার পুনর্বাসন কার্যক্রম ও পরিবেশ-প্রতিবেশ নিয়ে দাতাদের এখনো কিছু আপত্তি রয়ে গেছে। এ বিষয়ে সচিব মোশাররফ হোসেন বলেন, ‘পরিবেশের বিষয়ে দাতারা খুবই সিরিয়াস। তবে এগুলো কোনো বাধা নয়। দুই পক্ষই কাজ করছে এ বিষয়ে।’