পদ্মা সেতুর বাস্তবায়নের সক্ষমতা জানতে কিম এসেছেন : কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের । ফাইল ছবি
ওবায়দুল কাদের । ফাইল ছবি

পদ্মা সেতু বাস্তবায়নের সক্ষমতা জানতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে এসেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
গতকাল সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পে কী কী দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে ওবায়দুল কাদের আজ আলোচনা সভায় বলেন, ‘আপনারা প্রমাণ করুন—কোথায় দুর্নীতি হয়েছে? যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করছি। আর আমাদের এই বাস্তবায়নের সক্ষমতা জানতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন। আমরা জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে কোনো কিছুই করি না। কিন্তু যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার গতি হচ্ছে অ্যারাবিয়ান হর্সের মতো। তাঁর সঙ্গে আমরা তাল মিলাতে পারি না। তিনি যে তালে চলেন, আমরা সেই তালে চলতে পারি না। তাঁর গতির কাছাকাছি হলেও আমাদের যেতে হবে, না হলে টিমওয়ার্ক হবে না।’

আওয়ামী লীগের ২০তম সম্মেলনে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা নির্বাচনের প্রস্তুতি নেব। নির্বাচনের দুই বছরের বেশি সময়ও নেই। তাই আমাদের এখনই শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিএনপিকে ‘বার্তা’ দিয়ে গেছেন এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘চীনের প্রেসিডেন্ট বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করায় তাঁরা অনেক সুখী হয়ে গেছেন। আপনারা এমন সুখ নিয়েই থাকুন। খালেদা জিয়া সংসদের বাইরে আছেন, আমার বিশ্বাস, তিনি বাকি জীবনও সংসদের বাইরে থাকবেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।