পদ্মা সেতুর বিষয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত
পদ্মা সেতুর অর্থায়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও হঠাৎ তা স্থগিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর ১০ মিনিট আগে উপস্থিত সাংবাদিকদের অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি আজ হচ্ছে না।’অবশ্য দুইটার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষ হয়। ওই বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে অবশ্য মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা অর্থমন্ত্রীর ঘোষিত সংবাদ সম্মেলনটি স্থগিতের তথ্য জানান। তিনি বলেন, অর্থমন্ত্রী তাঁর সংবাদ সম্মেলন স্থগিত করেছেন। আগামী সপ্তাহ, অর্থাৎ রবি-সোমবারে তা হতে পারে।মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বিশ্বব্যাংকের চাওয়া অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সংস্থাটি থেকে ঋণ পাওয়ার ব্যাপারে সাড়া পাওয়া নিয়ে সরকার নিশ্চিত নয়। এ অবস্থায় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে কতটুকু কী বলবেন, তা ঠিক করা বা এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেওয়ার বিষয় ছিল। গতকালের ঘোষিত সংবাদ সম্মেলনটি তাই স্থগিত করা হয়।পদ্মা সেতুর অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্বব্যাংক। তবে ঋণচুক্তির কার্যকারিতার মেয়াদ ৩০ আগস্ট পর্যন্ত এক মাস বাড়িয়েছে এ সেতুর সহ-অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। এডিবি ৬১ কোটি ৫০ লাখ ডলার এবং জাইকা ৪০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। অর্থমন্ত্রী গত মঙ্গলবার বলেছিলেন, ‘এডিবি ও জাইকার এ মেয়াদ বাড়ানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই সময়ের মধ্যে যেন বিষয়টির সুরাহা হয়।’