গুলশানে জঙ্গি হামলার ঘটনায় পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো বড় উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গুলশানে হামলায় আহত এক জাপানি বিশেষজ্ঞ হাসপাতালের বিছানা থেকে জানিয়েছেন, সুস্থ হয়েই তিনি আবার নিজের কাজে যোগদান করবেন।
গতকাল সোমবার ঈদযাত্রার সড়ক ব্যবস্থাপনার বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প-সংশ্লিষ্ট বিদেশিরা যেখানেই যাবেন, সেখানেই নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বৈঠকে ওবায়দুল কাদের আরও বলেন, আগামী কোরবানির ঈদের আগে সড়ক বিভাগের কর্মকর্তাদের কোনো ছুটি দেওয়া হবে না। এবারের ঈদে গতবারের তুলনায় সড়ক দুর্ঘটনা অর্ধেকে নেমে এসেছে। তিনি বলেন, এবার মহাসড়ক ছিল নির্বিঘ্ন। যানবাহন বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল পথে ৪ জুলাই যানজট হয়।
ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি উঠতে পারবে না। প্রত্যেকের হেলমেট থাকতে হবে। এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।