পদ্মা সেতুর মাধ্যমে তারা শিক্ষা পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২০ তুলে দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল এ অনুষ্ঠান হয় l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২০ তুলে দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল এ অনুষ্ঠান হয় l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা চাই এই বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে। আর কেউ যেন আমাদের অবহেলা দেখাতে না পারে। আমার মনে হয়, তা আর কেউ দেখাবে না, কারণ, পদ্মা সেতুর মাধ্যমে সে শিক্ষা তারা পেয়ে গেছে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই এ জন্য যে, যখন একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা (বিশ্বব্যাংক) টাকা প্রত্যাহার করে নিল এবং আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিলাম, সে সময় জনগণের বিপুল সাড়া পেয়েছি।’ খবর বাসসের।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিলের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২০ প্রদান করা হয়। এর মধ্যে পাঁচটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপনের লক্ষ্যে, আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই। যাতে কেউ আমাদের দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে উল্লেখ করে অবহেলা করতে না পারে।’
প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে সরকারি সহযোগিতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানমূলক ব্যবস্থা গড়ে তুলে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। যেখানে জমি পাবে, তাতে আবাদ করতে হবে।’