পদ্মা সেতুর মূল কাজ পাচ্ছে চায়না মেজর ব্রিজ কোম্পানি: কাদের
মূল পদ্মা সেতু নির্মাণের কাজ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি পাচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের৷
গতকাল সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা জানান৷
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান এবং কারিগরি মূল্যায়ন কমিটির অনুমোদনক্রমে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল পদ্মা সেতু নির্মাণের জন্য নির্বাচিত হয়েছে। আমরা আশা করি, এই প্রতিষ্ঠানই পদ্মা সেতুর কাজ শুরু করবে। আগামী তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটিতে এ-সংক্রান্ত সুপারিশ তোলা হবে৷’ তিনি বলেন, ২০১৭ সালের শেষের দিকে অথবা ২০১৮ সালের প্রথম দিকে, সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। এ সেতু হবে, তা অন্যরা দূরে থাক, আমাদের দলের অনেক নেতাও তা বিশ্বাস করেনি। কিন্তু সব ধাপ অতিক্রম করে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে।’ এ ছাড়া নদী শাসনের কাজ আগামী আগস্ট মাস থেকে শুরু করা যাবে বলে মন্ত্রী জানান৷