পদ্মা সেতুর মূল পাইলিং শুরু অক্টোবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল পাইলিং ও নদীশাসনের মূল কাজ আগামী অক্টোবরে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে এ কাজের সূচনা করবেন। প্রধানমন্ত্রী একই দিন জাজিরা প্রান্তের নদীশাসনের কাজেরও শুভ উদ্বোধন করবেন।
ওবায়দুল কাদের গতকাল বুধবার দুপুরে দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতুর মাওয়া প্রান্তের নির্মাণকাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইতিমধ্যে সেতুর ট্রায়াল পাইলের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নদীশাসনের প্রাথমিক কাজও চলছে। এ ছাড়া নদীর দুই পারে মাটি পরীক্ষার কাজও অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সংযোগ সড়কের কাজ মাওয়া প্রান্তে ৩৫ ভাগ, জাজিরা প্রান্তে ৩৩ ভাগ সম্পন্ন হয়েছে। মাওয়া থেকে ঢাকার বাবুবাজার পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করা হবে।
মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাবউদ্দিন, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) শরিফুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জেল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল প্রমুখ।