সিপিডির বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানে রেহমান সোবহান
পদ্মা সেতুর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী সফল

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলেও বাংলাদেশ নিজস্ব বাজেট থেকে ২৮ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর কাজ শুরু করেছে। শেখ হাসিনা এ ক্ষেত্রে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সমর্থ হয়েছেন।
সিপিডির বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় রেহমান সোবহান এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সিপিডি এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্কের (সিডিকেএন) নির্বাহী চেয়ারম্যান সাইমন ম্যাক্সওয়েল এতে একক বক্তৃতা করেন।
রেহমান সোবহান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে আরও অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। ধনী রাষ্ট্রগুলো জলবায়ু তহবিলে অর্থ না দিলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে কি না, তিনি সেই প্রশ্ন করেন।
রেহমান সোবহান আরও বলেন, ‘আমরা গত ৩০ বছর ধরে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার কথা বলছি, কিন্তু দূষণ বন্ধ হয়নি। এখনো চলছে। হাজারীবাগ থেকে ট্যানারি সরানো নিয়ে আরেকটি নাটক আমরা দেখছি। অনেক বছর ধরে শুনছি হাজারীবাগ থেকে ট্যানারি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। ট্যানারিগুলোর বিষাক্ত বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) স্থাপন করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ট্যানারি এখনো হাজারীবাগ থেকে সরেনি।’
রেহমান সোবহান বলেন, ‘রাজধানীর পানিনিষ্কাশনের সব খাল ও জলাশয় দখল করে ভরাট করা হচ্ছে। রিয়েল এস্টেট কোম্পানিগুলো সেখানে আবাসন গড়ে তুলছে। ঢাকার জমির দাম বেড়ে যাওয়ায় এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলোর তৎপরতায় এগুলো ঘটলেও তা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা আমরা দেখছি না।’ এই বিষয়গুলো বাংলাদেশের পরিবেশ রক্ষার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন রেহমান সোবহান।
সাইমন ম্যাক্সওয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সঠিক নেতৃত্ব, নীতি প্রণয়ন ও নীতির সঠিক বাস্তবায়ন জরুরি। ‘ক্লাইমেট কম্পাটিবল ডেভেলপমেন্ট, পাথওয়ে অর পাইপড্রিম?’ শীর্ষক বক্তৃতায় সাইমন প্যারিস সম্মেলনকে সফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে বর্তমান অঙ্গীকারের চেয়ে আরও বেশি কার্বন নিঃসরণ কমাতে হবে। বাংলাদেশের নেওয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, কৃষি বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী খাত। বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান এখনো অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশকে কৃষিতে কম কার্বন নিঃসরণ হয় এমন ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, কূটনৈতিক, পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানের প্রশ্নোত্তরপর্বে অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রশ্ন করেন, শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের কারণে এ দেশের নদীগুলো দূষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন এ ক্ষেত্রে আর কী ক্ষতি বাড়াতে পারে?
সাইমন ম্যাক্সওয়েল বলেন, তাপমাত্রা বৃদ্ধির হার অব্যাহত থাকলে এই শতাব্দীর মধ্যে পৃথিবীর অনেক নদী শুকিয়ে যাবে। ফলে নদীর তীরবর্তী মানুষের জীবন বিপন্ন হবে।
আলোচনার শেষ পর্যায়ে রেহমান সোবহান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জ্বালানি তেলের ব্যবহার কমানোর কথা বলা হচ্ছে। কারণ, এ থেকে অনেক বেশি কার্বন নিঃসরণ হয়। কিন্তু এখন বিশ্বে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৩০ ডলারে এসে ঠেকেছে। এই দাম যদি ১০০ ডলার হতো, তাহলে তেলের ব্যবহার কমত। কিন্তু দাম ৩০ ডলার হলে এর ব্যবহার কতটুকু কমানো যাবে, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেন এই অর্থনীতিবিদ।