পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পে তদারক পরামর্শক সেনাবাহিনী
পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের তদারকি পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বুয়েটের বিআরটিসি। গতকাল রোববার রেল ভবনে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।
রেলওয়ের পক্ষে পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক সুকুমার ভৌমিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) সেলের প্রকল্প ব্যবস্থাপক কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ চুক্তিতে সই করেন।
ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ স্থাপনে ৩৪ হাজার ৯৯০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে চীন সরকার দেবে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা। বাকিটা বাংলাদেশ সরকার বহন করবে। পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ব্যয় ধরা হয়েছে ৯৪২ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের কাল ধরা হয়েছে ছয় বছর।
চুক্তি সই অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশের সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে বুলেট ট্রেন চালুর জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। এ ছাড়া ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, পদ্মা বহুমুখী সেতুর তিনটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের কাজ যথাসময়ে সম্পন্ন করে সেতু বিভাগের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এর মাধ্যমে সিএসসির কর্মদক্ষতা ও পেশাদারির নতুন মাইলফলক রচিত হয়েছে। পরামর্শক সেবার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যরা ঠিকাদার কর্তৃক দাখিল করা নকশা যাচাই করে তার অনুমোদন প্রদান করবেন। এ ছাড়া রেলপথের জন্য ভূমি অধিগ্রহণ, প্রকল্প এলাকা প্রস্তুত এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তা ও তদারকি করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন। এতে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।