সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর সংযোগ সড়কের মূল কাজ ৮ আগস্ট শুরু হবে। পদ্মা সেতু খুলে দেওয়ার আগেই রাজধানীর গুলিস্তানের হানিফ ফ্লাইওভার থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত চার লেনের কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে চার লেনের নির্মাণকাজ করছে সেনাবাহিনী।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও, হাসাইল ও কামারখাড়ায় বন্যাকবলিত এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, চার লেনের সংযোগ সড়কের কারণে পোস্তগোলা থেকে মাওয়া পর্যন্ত যাতায়াত সহজ হবে। এ ছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি থেকে মুক্তারপুর হয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত আরেকটি চার লেনের কাজ শুরু হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের যত দিন পর্যন্ত সহযোগিতার প্রয়োজন হবে, তত দিন সাহায্য অব্যাহত থাকবে।