পদ্মা সেতুর সংযোগ সড়কের দরপত্র বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণকাজের দরপত্র বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার ছুটির দিন সেতু বিভাগ থেকে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র নিয়েছে।এর আগে সেতু বিভাগ সংযোগ সড়কের জন্য মিসর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য হিসেবে নির্বাচন করে। গত জানুয়ারিতে প্রাকযোগ্যতা যাচাইসংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়। এ সংযোগ সড়ক নির্মাণে অর্থায়ন করছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে প্রাকযোগ্য প্রতিষ্ঠানগুলোর তালিকা আইডিবিতে পাঠানো হয়। সম্প্রতি আইডিবি প্রাকযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরপত্র আহ্বানের জন্য মতামত দেয়। এর পরই সেতু বিভাগ মূল দরপত্র আহ্বান করে। এখান থেকে সর্বনিম্ন দরদাতাকে সংযোগ সড়ক নির্মাণের জন্য নির্বাচন করা হবে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী জুনে ঠিকাদারদের আর্থিক প্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। সর্বনিম্ন দরদাতা নির্বাচন করার পর আবারও আইডিবিতে মতামতের জন্য পাঠানো হবে।