পদ্মা সেতুর স্টিলের কাঠামো মাওয়ায়, রেল নির্মাণে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর ওপরের কাঠামো হিসেবে যে স্টিলের কাঠামো বসানো হবে, এর প্রথম চালান চীন থেকে চলে এসেছে মাওয়ায়। এ কাঠামোর ওপর দিয়ে চলবে গাড়ি ও যানবাহন। ভেতর দিয়ে চলবে ট্রেন। এই স্টিলের কাঠামোগুলো জোড়া দিয়ে পিলারের ওপর স্থাপন শুরু হবে এ বছরের ডিসেম্বর মাস থেকে। এ বছরের মধ্যেই দুটি পিলারে (স্প্যান) এ স্টিলের কাঠামো স্থাপন সম্পন্ন হবে।

গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রথমে স্টিলের কাঠামোগুলো চীনে তৈরি করা হয়েছে। সেখান থেকে জাহাজে মোংলা বন্দরে আসে। এরপর মোংলা থেকে ছোট জাহাজে করে গতকাল দুপুরে সেগুলো মাওয়ার নির্মাণ মাঠে আনা হয়।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব হচ্ছে ১৫০ মিটার। দুই পিলারের মাঝখানের ফাঁকা জায়গাকে স্প্যান বলা হয়। পুরো পদ্মা সেতুতে এ রকম ৪১টি স্প্যান হবে। গতকাল একটি স্প্যান তৈরির স্টিল এসেছে। যার ওজন প্রায় তিন হাজার টন। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়ন করছে সেতু বিভাগ। মূল সেতু ও নদীশাসনের ঠিকাদার চীনের। সরকার ২০১৮ সালে সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করেছে। সেতুমন্ত্রী গতকাল বলেন, এখন পর্যন্ত প্রকল্পের মোট অগ্রগতি ৩৭ শতাংশ। প্রকল্পের আওতায় মূল সেতু ছাড়াও নদীশাসন, দুই পারে সংযোগ সড়ক ও টোল প্লাজা এবং নানা অবকাঠামো নির্মাণের কাজ চলমান আছে।

রেল সংযোগের জন্য চুক্তি সই: পদ্মা সেতুর দুই পাড়ে রেললাইন বসানোর লক্ষ্যে চায়না রেলওয়ে গ্রুপের সঙ্গে চুক্তি সই হয়েছে। গতকাল রেলভবনে এই চুক্তি হয়। রেলওয়ে সূত্র জানায়, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। চীন সরকারের সহায়তায় (জি টু জি) এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে। এর মধ্যে ঢাকা থেকে কেরানীগঞ্জ হয়ে মাওয়া পর্যন্ত অংশের বেশির ভাগই হবে উড়ালপথে। প্রকল্পের আওতায় ২০টি স্টেশন নির্মাণ এবং ১০০টি রেলবগিও ক্রয় করা হবে।

চুক্তি সই অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মুজিবুল হক, সচিব ফিরোজ সালাউদ্দিন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।