পদ্মা সেতুর ৩০ শতাংশ কাজ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল কাজ ইতিমধ্যে ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। মন্ত্রী গতকাল শনিবার মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে শ্রীনগরের দোগাছিতে প্রকল্প এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সেতুর ৪ নম্বর পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। রোববার শুরু হবে ৫ নম্বর পিলারের পাইলিংয়ের কাজ। পদ্মা সেতু নির্মাণে আর কোনো বাধা নেই।
সেতুমন্ত্রী বলেন, পোস্তগোলা থেকে মাওয়া পর্যন্ত চার লেনের কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এই কাজের জন্য নতুন করে জমি অধিগ্রহণের দরকার পড়বে না। জমি আগেই অধিগ্রহণ করা হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক কর্নেল মো. যোবায়ের সারোয়ার, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন এবং সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল।