পদ্মা সেতুর ৩৩ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতিমধ্যে নয়টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। সেতুটির কাজ যথাসময়ে শেষ হবে বলেও মন্ত্রী জানান।
গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তরে এ কথা বলেন মন্ত্রী। এর আগে বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের দশম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হয়।
সংরক্ষিত আসনের সদস্য নাভানা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর সংযোগ সড়কগুলো চার লেন করার কাজ আগামী মাসে শুরু হবে। মাওয়া থেকে পোস্তগোলা-বাবুবাজার, জাজিরা থেকে ভাঙ্গা মোড় পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমানে রেলওয়ের ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর জমি অবৈধ দখলভুক্ত রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে প্রায় ১ হাজার ৪ দশমিক ১২ একর এবং পশ্চিমাঞ্চলে ৩ হাজার ৩৮৭ দশমিক ২৭ একর রয়েছে। এর মধ্যে সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করেছে ৯২২ দশমিক ৩৪ একর। বেসরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে রয়েছে ৩ হাজার ৩৭৮ দশমিক ২২ একর। ধর্মীয়/শিক্ষাপ্রতিষ্ঠানের অবৈধ দখলে আছে ৯০ দশমিক ৮৩ একর।
অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ মে পর্যন্ত অধিবেশন চলবে।
বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মঈন উদ্দীন খান বাদল ও আনিসুল হক অংশ নেন।