পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পদ্মা সেতুর অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে ১৪টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ।
আজ বুধবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, মোটরসাইকেল চালকদের তিনজন বহন করা থেকে বিরত থাকতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনার হার আরও কমে যাবে। মোটরসাইকেলে আইন লঙ্ঘন করে তিনজন আরোহণ করার কোনো অধিকার নেই। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, অনেক নেতার গাড়িবহরে সামনে তিনজন আরোহীসহ মোটরসাইকেলের বহর দেখা যায়। এ সব তরুণ নেতা-কর্মীদের দেশ ও জাতির স্বার্থে এসব বন্ধ করতে হবে। মোটরসাইকেলে দুজন আরোহণ করলেও দু’জনকেই হেলমেট ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে শিশুদের বহন করা যাবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও বিআরটিএ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা।