পদ্মাগর্ভে হারাচ্ছে বিদ্যালয়টি
ব্ল্যাকবোর্ডের এক কোনায় লেখা ছিল, ‘চতুর্থ শ্রেণী/ বিষয়: বাংলা/ ২০ সেপ্টেম্বর’। নিয়ম অনুযায়ী, পাঠদান শুরুর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এভাবে লেখেন। যে কক্ষের ব্ল্যাকবোর্ডে লেখাটি ছিল, সেটির একটি অংশ গত রোববার রাতে পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন পুরো বিদ্যালয় ভবন ধসে পড়ার অপেক্ষায় রয়েছে। বিদ্যালয়টির নাম ফতেপুর-পলাশী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজশাহীর বাঘা উপজেলার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার বই-পুস্তক নিয়ে বিদ্যালয়ের মাঠে এসে ঘোরাঘুরি করছিল। তারা জেনে গেছে, এই ভবনে তাদের আর কোনো দিন ক্লাস করা হবে না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে উপজেলার ফতেপুর-পলাশী ও করারী নওশারা গ্রামের মানুষ এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলাউদ্দিন বিদ্যালয়টির একতলা পাকা ভবনের উদ্বোধন করেন। ২০০৩ সালে স্থানীয় সাংসদ কবির হোসেন দ্বিতীয় তলার উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ভবনটি নির্মাণ করা হয়। বিদ্যালয় স্থাপনের সময় সেখান থেকে পদ্মা নদী প্রায় আট কিলোমিটার দক্ষিণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমানায় ছিল। এই সময়ের মধ্যে নদীটি সরে আসতে আসতে বাঘা উপজেলার সীমানায় চলে আসে। প্রতিষ্ঠার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৫৯৬ জন। অব্যাহত নদীভাঙনে বিদ্যালয়ের এলাকা ছোট হওয়ার কারণে এখন এর শিক্ষার্থীর সংখ্যা ১৬৪-তে ঠেকেছে। বিদ্যালয়টিতে চারজন শিক্ষক রয়েছেন। গত রোববার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এর দক্ষিণ পাশের একটি কক্ষের নিচ থেকে মাটি পদ্মা নদীতে নেমে গেছে। যে অংশের মাটি সরে গিয়েছিল, কক্ষের সেই অংশটুকুই রোববার দিবাগত রাতে ভেঙে পড়েছে। যেকোনো সময় ভবনটি নদীতে ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সোয়াব আলী নামে এক অভিভাবক বলেন, ‘গত শনিবার সকালে শব্দ শুনে দৌড়ে এসে দেখি বিদ্যালয়ের পাকা বাথরুমটি নেই। ভবনের দক্ষিণ পাশে যেখানে বাথরুম ছিল, সেখানে এখন পদ্মা নদী।’ এ সময় বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম। শাবনুর নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী দৌড়ে এসে তাঁকে বলে, ‘স্যার, আমরা কতি (কোথায়) ক্লাস কইরবো? আমরারে একটা ইশকুল ঘর বনাইয়ে দেন না।’ শিক্ষা কর্মকর্তা শিশুটিকে আশ্বস্ত করেন।পঞ্চম শ্রেণীর ছাত্রী রুবিনা খাতুন বলে, ‘খুব খারাপ লাগতিচে। পাঁচ বছর এই দোতলায় ক্লাস করিচি। একুন কতি যাব?’ তৃতীয় শ্রেণীর ছাত্র সবুর আলী বলে, ‘একুন খুব খারাপ লাগবি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, যেকোনো সময় ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় ২০ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বারণ করা হয়েছে। তাদের পার্শ্ববর্তী একটি মক্তবে আপাতত পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, নদীভাঙনের আশঙ্কায় এ নিয়ে তিনি তিনবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিদ্যালয়টির অবস্থা জানিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি শেষ প্রতিবেদন পাঠিয়েছেন। এখনো সেখান থেকে কোনো নির্দেশনা আসেনি। তিনি আরও বলেন, ভাঙনের মুখে ভবনটি নিলামে বিক্রির জন্য তাঁরা চার লাখ টাকা প্রাক্কলন করেছিলেন। নিলামও ডাকা হয়েছিল। যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা ৬৫ হাজার টাকা দিতে চেয়েছেন। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি।