পদ্মা নদীর তীর ঘেঁষে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের সাত গ্রাম থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। প্রতিদিন প্রায় দুই লাখ ঘনফুট করে মাটি শতাধিক ট্রাকে করে নেওয়া হচ্ছে ফরিদপুরের বিভিন্ন ইটভাটায়। এর পেছনে প্রভাবশালী ব্যক্তিরা থাকায় প্রতিবাদেও কাজ হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।এলাকাবাসী সূত্র জানায়, পদ্মার তীরঘেঁষে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের তাইজুদ্দি মুন্সীর ডাঙ্গি ও আইজুদ্দি মাতুব্বরের ডাঙ্গি এবং নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি, শুকুর মাতুব্বরের ডাঙ্গি, ইমান আলী মাতুব্বরের ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি ও সলিম বিশ্বাসের ডাঙ্গি গ্রাম থেকে মাটি কাটা হচ্ছে। প্রতিটি ট্রাক প্রতিদিন গড়ে ১০ বার করে প্রতিবার ২০০ ফুট করে মাটি টানতে পারে। সে হিসাবে প্রতিদিন ১০ ট্রাকে দুই লাখ ঘনফুট করে মাটি কেটে নেওয়া হচ্ছে। নদীর তীরঘেঁষে অবাধে এভাবে মাটি কাটায় সামনের বর্ষায় ভাঙনের আতঙ্কে দিশেহারা ওই ছয় গ্রামের মানুষ। গত অগ্রহায়ণ মাস থেকে মাটি কাটা শুরু হয়েছে। চলবে চৈত্র মাস পর্যন্ত। গত ২৮ জানুয়ারি ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ৫৯৪ জন বাসিন্দা এ বিষয়ে স্থানীয় সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবাধে মাটি কাটায় এলাকাবাসীর ঘরবাড়িসহ একটি সেতু, দুটি প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়কেন্দ্র ও তিনটি মসজিদ ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া সিঅ্যান্ডবি ঘাট থেকে গোলডাঙ্গি পর্যন্ত সড়ক ও নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তীর সংরক্ষণকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।আইজুদ্দি মাতুব্বরের ডাঙ্গি গ্রামের গৃহবধূ জরিনা বেগম তাঁদের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, ‘আমরা গাঙ্গের কিনারে পইড়া আছি। গরিব মানুষ। বর্ষার সময় ঘরবাড়ি ভাইঙ্গা গেলে কোথায় খাড়ামু জানি না।’ ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি গ্রামের মো. আলমাছ খান বলেন, স্থানীয় কিছু ভূমিমালিক অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত ৩০ থেকে ৬০ হাজার টাকায় তাঁদের জমি ইজারা দেন। পাউবোর নিয়ম অনুযায়ী, নদীর তীরের জমি তিন ফুটের বেশি কাটার বিধান নেই। কিন্তু ইজারা নেওয়া লোকজন এসব জমি থেকে ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে নিচ্ছেন।নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মো. আবদুস সালাম বলেন, ‘এভাবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের যেখানে যেখানে দরখাস্ত দেওয়া দরকার, আমরা দিয়েছি। কিন্তু কোনো সাহায্য পাইনি। এ মাটি যাচ্ছে রাজনৈতিক নেতা খলিফা কামালউদ্দীন ও শিল্পপতি কুটি মিয়ার (এম এ ওয়াহিদ) ইটভাটায় ও শিল্পপ্রতিষ্ঠানে।’ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেকেইউ ইটভাটার মালিক খলিফা কামালউদ্দীন বলেন, ‘আমি জমির মালিকের কাছ থেকে জায়গা ইজারা নিয়েছি। এ সময় মাটি কাটলে বর্ষায় তা ভরে যায়। তবে আমি বাড়ির কোলঘেঁষে বেকো মেশিনে গভীর করে মাটি কাটতে মানা করেছি।’ফরিদপুর পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মজিদ মোল্লা বলেন, নদীর তীরের জমি তিন ফুটের বেশি কাটার বিধান নেই। এর বেশি গর্ত করলে নদী এগিয়ে আসবে। ভাঙনসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, নদীর তীরঘেঁষে এভাবে মাটি কাটা যাবে না। ফরিদপুর সদরের সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।