পদ্মাপারের তিন গ্রামে ঈদের আনন্দ ফিকে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মাপারের তিনটি ছোট্ট গ্রাম গঙ্গারামপুর, ফারাকপুর ও বৈরাগীর চর। গত মঙ্গলবার সকালে দেশের আর দশটা গ্রামের মতো ঈদের আনন্দ শুরু হয়েছিল ওই গ্রামগুলোতেও। কিন্তু বেলা গড়িয়ে বিকেল হতেই সেই আনন্দ ফিকে হয়ে আসে। ঈদের আনন্দে পদ্মায় নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হন ওই তিন গ্রামের ১২ জন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।
গতকাল সকালে গ্রাম তিনটি ঘুরে দেখা যায়, স্বজনদের কান্না আর আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। ছোটাছুটি আর নৌকায় করে স্বজনেরা পদ্মার বুকে চষে বেড়াচ্ছেন তখনো। একটি লাশ উদ্ধারের খবর পেতেই সবাই ছুটে যাচ্ছেন সেদিকে।
ফারাকপুর গ্রামের আবু বক্করের মেয়ে সাবরিনা সিদ্দিকা। তিনি রাজশাহীতে থেকে পড়াশোনা করতেন। তাঁকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। বাড়ির সামনে খাটিয়া নিয়ে বসে কেঁদেই যাচ্ছেন আবু বক্কর।
আবু বক্করের বাড়ির কাছেই রাস্তার অপর পাশে স্বপন, সাহাজুল ও শিপনের বাড়ি। ওই তিন বাড়ি থেকেও ভেসে আসছে স্বজনদের কান্নার শব্দ। সেদিকে এগোতেই রাস্তায় দেখা শিপনের বড় ভাই রিপনের সঙ্গে। অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁকে ধরাধরি করে নিয়ে যাচ্ছেন কয়েকজন।
কান্নাজড়িত কণ্ঠে রিপন জানান, গতকাল সকালে মুঠোফোনে ভেসে ওঠে ভাই শিপনের ফোন নম্বর। দেখেই তিনি আঁতকে ওঠেন। ওপার থেকে জানানো হয়, ভেসে ওঠা একটি লাশের পকেটে পাওয়া মুঠোফোনের সিম অন্য ফোনে নিয়ে ফোন দেওয়া হয়েছে। ভাইয়ের লাশ উদ্ধারের খবর পান তিনি ভাইয়েরই ফোন নম্বর থেকে।
গতকাল সকাল থেকেই দুপুর পর্যন্ত স্বপন, সাহাজুল, শিপন ও সাবরিনার লাশ স্থানীয় শহীদ রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে গ্রামের কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়। সবার চোখে পানি। লাশগুলো বিকৃত হওয়ায় গোসল ছাড়াই দাফন করা হয়।
বৈরাগীর চরের শিখা খাতুন আর ইমরান দুই ভাই-বোন। তাঁদের বাবা ইমারুল কোনোভাবেই মেনে নিতে পারছেন না একসঙ্গে দুই সন্তান হারানোর শোক। শিখার স্বামী মিঠুন প্রামাণিক বাকরুদ্ধ হয়ে পড়েছেন। একই গ্রামের কালু মণ্ডলের লাশ তাঁর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
নৌকাডুবির ঘটনায় নিহত বাকি পাঁচজনের বাড়ি গঙ্গারামপুর গ্রামে। তাঁরা সবাই একই পরিবারের। তাই গঙ্গারামপুরের কান্নাটা আরও গভীর।