পদ্মাপারের মানুষ এখনই ভাঙন-আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আসে সরকার যায়, কিন্তু ঢাকার কাছেই নয়াবাড়ী ইউনিয়নের পদ্মাতীরের মানুষের ভাগ্য থেকে যায় একই রকম। প্রতিবছরই নদীভাঙনের শিকার হতে হয় এ এলাকার মানুষজনকে। এ বছরের বর্ষাও শুরু হতে না হতেই পদ্মার পানি বেড়ে তীব্র স্রোত বইতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে ভাঙনও। কখন ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয় সেই আতঙ্কে রয়েছেন ইউনিয়নের পাঁচ এলাকার মানুষ।
দোহার-নবাবগঞ্জ রক্ষায় দোহার-মানিকগঞ্জ (কাশিয়াখালী বাঁধ) বেড়িবাঁধে গত দুই বছরে কিছু অংশে ভাঙন দেখা দিলেও তা সংস্কার না করায় এবার দোহার-নবাবগঞ্জের লক্ষাধিক মানুষ হুমকিতে।
ইউনিয়নের পদ্মার ভাঙনের শিকার নয়াডাঙ্গী গ্রামের রোকেয়া বেগম (৬০) বলেন, ‘আমাগো কষ্ট কেউ দ্যাহে না। আমরা কয়টা বছর ধইরা গাঙ্গের ভাঙনের ভয় লইয়া আছি। মান্নান (গতবারের সাংসদ) কিছু করল না, এইবার অনেক আশা নিয়া ভোট দিলাম সালমারে। হেও আমাগো দেখল না। আমাগো রাস্তায় থাহা ছাড়া উপায় নাই।’
ধোয়াইর গ্রামের আ. হালিম (৫৫) বলেন, ‘সরকার তো কম প্রতিশ্রুতি দেয় নাই। কিন্তু আমরা কী পাইলাম?’
সরেজমিনে গতকাল শনিবার দেখা যায়, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ায় পদ্মায় পানির স্রোত বাড়ায় ইউনিয়নের বাহ্রাঘাট, নয়াডাঙ্গী, অরঙ্গাবাদ, দেওয়ানবাড়ী মোড়, পানকুন্ড ও ধোয়াইর এলাকার মানুষ ভাঙনের ভয়ে আছেন। এলাকাটি ঘুরে দেখা গেছে, ধোয়াইরে ২০০ মিটার, দেওয়ানবাড়ী মোড়ে ১০০ থেকে ১৫০ ও নয়াডাঙ্গীতে ২০০ মিটারের মতো এলাকায় ভাঙন।
সাংসদ সালমা ইসলাম বলেন, পদ্মার ভাঙন প্রতিরোধে দোহারবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করা হবে। কাগজপত্রের সবকিছুর প্রক্রিয়া সম্পন্ন। নতুন অর্থবছরের টাকা ছাড় পেলেই কাজ শুরু হবে।