পদ্মাপারের সেই ভূখণ্ডটি রক্ষায় প্রশাসন উদ্যোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ভাঙনে হারিয়ে যেতে থাকা পদ্মাপারের ভূখণ্ডটি রক্ষায় উদ্যোগী হয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ভূখণ্ডটি রক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পাউবোর কর্মকর্তারা গতকাল সোমবার ওই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শন শেষে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে পাউবোতে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যেভাবে ভাঙন চলছে, তা অব্যাহত থাকলে ভূখণ্ডটির অবশিষ্ট অংশও অচিরে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সেই সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে ভূখণ্ডে থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা পিলারও। এ ক্ষেত্রে পদ্মার মাঝখানে বিএসএফ তাদের দখল নিতে পারে। এতে নৌযান চলাচলসহ এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্ষতি হতে পারে; যা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই ভূখণ্ডে এখনো দুটি বিদ্যালয়, দুটি মসজিদ, একটি মাদ্রাসা ও বিজিবির ক্যাম্প রয়েছে। রয়েছে বেশ কিছু পরিবারও। স্থাপনা ও পরিবারগুলো রক্ষায় শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
এই ভূখণ্ড যে ইউনিয়নের অংশ, সেই হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, রাজশাহী শহরের পদ্মার ওপারে তিন দিকে ভারতীয় সীমানাঘেরা চরখিদিরপুর, তারানগর ও খানপুর নামে তিনটি গ্রাম ছিল। আয়তন ছিল ১ হাজার ৯৪২ হেক্টর। নদীভাঙনে তারানগর ও খানপুর আগেই হারিয়েছে। আর চরখিদিরপুর ছোট হতে হতে গত বছর ১৮৭ হেক্টরে এসে দাঁড়িয়েছে।
মফিদুল ইসলাম আরও বলেন, গ্রামটিতে শ দেড়েক পরিবার রয়েছে। ইতিমধ্যে তারা বাড়িঘর ভেঙে সরিয়ে নিতে শুরু করেছে। গ্রামের দুই মাথার দুই সীমান্ত পিলার নদীতে হারিয়ে গেছে। এখন গ্রামের মাঝ বরাবর দুটি পিলার রয়েছে। পিলার দুটিতে নদী পৌঁছালেই তাঁর ইউনিয়নে পদ্মার দক্ষিণ তীরে বাংলাদেশের মাটি থাকবে না।
এ বিষয়ে গত শনিবার প্রথম আলোয় ‘পদ্মাপারের ভূখণ্ডটির শেষরক্ষা হচ্ছে না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর গত রোববার পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন ও রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পাউবোর পক্ষ থেকে শনিবারই ভূখণ্ডটি রক্ষার গুরুত্ব উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
গতকাল রাজশাহীর জেলা প্রশাসক কাজ আশরাফ উদ্দিন, বিজিবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুল হক, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন, হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম এলাকা পরিদর্শন করেন।
দুই বছর আগে রাজশাহী পাউবো এই ভূখণ্ড রক্ষার জন্য ১ কোটি ৬৮ লাখ ও ৬৩ লাখ টাকার দুটি প্রকল্প হাতে নেয়। তীব্র নদীভাঙনের মুখে কাজের শেষ পর্যায়ে এসে তারা প্রকল্প দুটি পরিত্যক্ত ঘোষণা করে। পরে পাউবোর মহাপরিচালক এসে যেকোনো মূল্যে এ ভূখণ্ড রক্ষার ঘোষণা দিয়েছিলেন।
নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান গতকাল বলেন, শনিবারই ওই এলাকার ভাঙন পরিস্থিতির বিবরণ দিয়ে এবং ভূখণ্ডটি রক্ষার গুরুত্ব উল্লেখ করে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছেন। গতকাল এলাকা পরিদর্শন শেষে আরও একটি প্রতিবেদন পাঠান।