পদ্মাবতী খেলায় সেরা, পড়াতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র পরিবারের মেয়ে পদ্মাবতী সমাদ্দার। তিনবেলা খাবার জোটেনি। পরতে পারেনি ভালো কাপড়। এই মেয়েই গত তিন বছরে বিদ্যালয় পর্যায়ে দেশসেরা অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেছে। ফুটবল ও হকি খেলায়ও পারদর্শী সে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও সেরা সে। সে এবার নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে।লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণকেন্দ্রের একটি ঘরে বাবা তুলসী দাস সমাদ্দার ও মা মমতা রানীর সঙ্গে থাকে পদ্মাবতী। তুলসী দাস সমাদ্দার কাজ করতে পারেন না। মা অন্যের বাড়িতে কাজ করেন। তুলসী দাস বলেন, ‘প্রতি মাসে ৩০০ টাকা বয়স্কভাতা পাই। তা পদ্মাকেই দিয়ে দিই। ওর মা কষ্ট করে সংসার চালায়।’মমতা রানী বলেন, ‘পদ্মাবতীর মুখে তিনবেলা ঠিকমতো দুমুঠো ভাত তুলে দিতে পারি না। তার পরও ও সবকিছুতেই সেরা হয়।’জানা গেছে, জাতীয় স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ১০০ ও ২০০ মিটার দৌড়, রিলে দৌড় ও বর্শা নিক্ষেপ শাখায় চ্যাম্পিয়ন হয়ে নয়টি সোনা জিতেছে পদ্মাবতী। গত বছরের অক্টোবরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় ছিল পদ্মাবতী সমাদ্দার।চলতি বছর নড়াইল জেলা মহিলা হকি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের খেলোয়াড়ও পদ্মাবতী সমাদ্দার। পদ্মাবতী বলে, ‘ইচ্ছা ছিল খেলাধুলার মতো লেখাপড়ায়ও সেরা হব। সেই ইচ্ছাশক্তি নিয়েই অনুশীলন করেছি। সেভাবে সফলও হয়েছি। জাতীয় পর্যায়ে ক্যাম্পে খেলার প্রশিক্ষণের সময় যখনই সময় পেয়েছি, তখনই বই নিয়ে বসেছি। ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই।’ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মারিয়া কবির জিপিএ-৫ পেয়েছে। মারিয়ার বাবা এনামুল কবির ২০০৯ সালে মারা যান। এর পর থেকে মারিয়া ও তার ভাই এমদাদুল কবিরকে নিয়ে কষ্টে সংসার চালাতে শুরু করেন মা রুখসানা কবীর। অভাবের সংসারে মারিয়া নিজে গৃহশিক্ষকতা করে লেখাপড়ার খরচ চালিয়েছে। শহরের উত্তর আলীপুর মহল্লায় নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় একটি খুপরিতে বসবাস করে তারা। ঘরে বিদ্যুৎ নেই। মোম ও কুপির আলোয় পড়াশোনা চালাতে হয়েছে মারিয়াকে। মারিয়া বলে, ‘নিয়মিত ক্লাস করেছি। পড়ার খরচ উপবৃত্তি ও টিউশনির টাকায় চালিয়েছি।’প্রধান শিক্ষক বেলা রানী সরকার বলেন, মারিয়া খুবই মেধাবী। নিজের চেষ্টায় সে সাফল্য অর্জন করেছে। সহায়তা পেলে সে অনেক দূর যেতে পারবে।