পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ ৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে গতকাল মঙ্গলবার একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারের চালকসহ চারজন নিখোঁজ। ট্রলারের অন্য চারজন যাত্রী তীরে উঠতে সক্ষম হন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন হাসিব (৪২), লুত্ফর (৪৩), ইব্রাহিম (৪৫) ও শাহ আলম (৪০)। তাঁঁদের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ ট্রলারচালকের পরিচয় জানা যায়নি। নিখোঁজ যাত্রীরা হলেন শামিম, রাজ্জাক ও রফিক। তাঁদের বয়স চল্লিশের ওপর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসামাড়া চর থেকে গতকাল সন্ধ্যার পর সাত বন্ধু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ডাকাতপাড়া এলাকায় দাওয়াতে যান। রাত সাড়ে নয়টার দিকে তাঁরা বাড়িরে উদ্দেশে রওনা হন। তাঁদের বহনকারী ট্রলারটি দৌলতদিয়া ঘাট থেকে এক কিলোমিটার এগোনোর পর প্রবল স্রোতের কারণে মাঝনদীতে ডুবে যায়।
ট্রলারের তিনজন যাত্রী সাঁতরে দৌলতদিয়ার বাইচর এলাকায় উঠতে সক্ষম হন। আরেকজন যাত্রীকে নদীতে ভাসতে দেখে পাশ দিয়ে যাওয়া শাহ আলম নামের একটি ফেরি বয়া ফেলে তাঁকে উদ্ধার করে। ট্রলারে থাকা আরও তিনজন ও চালক এখনো নিখোঁজ। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ইউএনও সরওয়ার হোসেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধারকাজ করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী দৌলতদিয়া ঘাটে উপস্থিত থেকে উদ্ধারকাজ তত্ত্বাবধান করছেন বলে ইউএনও জানান।