পদ্মায় ট্রলারডুবি ভেসে গেছে যাত্রীবাহী লঞ্চ
বৃষ্টি ও দমকা বাতাস এবং পদ্মা-যমুনায় তীব্র স্রোতের কারণে গতকাল শনিবার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের মাঝামাঝি এলাকায় নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। পরে প্রায় ১২ কিলোমিটার ভাটি থেকে আট জেলেকে উদ্ধার করা গেলেও ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
এর কিছুক্ষণ পর দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লঞ্চের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সেটিও স্রোতে ভেসে যায়। পরে সেটিও উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের পরিদর্শক (ট্রাফিক) দিনেশ কুমার সাহা বলেন, সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছিল। এ সময় পদ্মা ও যমুনায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এমভি ব্ল্যাকবার্ড নামের লঞ্চটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে এর আগেই ছেড়ে আসায় নদীর মাঝে বৃষ্টি ও দমকা বাতাসে পড়ে। সঙ্গে লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেলে তীব্র স্রোতে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যায়। এর আগে সকাল নয়টার দিকে আরিচা থেকে ছেড়ে আসা একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলার স্রোতের তোড়ে ও দমকা বাতাসে ডুবে যায়। পরে জেলেদের উদ্ধার করা গেলেও ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।