পদ্মায় ডুবল ফারুকের সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করা কয়েকটি লাশ। নৌকায় করে লাশগুলো আনা হয় তীরে। গতকাল পাটুরিয়ার বড়রিয়া ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো
পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করা কয়েকটি লাশ। নৌকায় করে লাশগুলো আনা হয় তীরে। গতকাল পাটুরিয়ার বড়রিয়া ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো

ফারুক মিয়ার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি ঢাকায় একটি দোকানে কাজ করেন। তাঁর স্ত্রী রেবেকা খাতুন (২৯), মেয়ে বিথি খাতুন (১৪) ও ছেলে রাইছান (২) থাকে গ্রামের বাড়িতে। গত রোববার পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন রেবেকাসহ তাঁর দুই ছেলে মেয়ে। তিনজনই মারা গেছে।
রেবেকার বড় ভাই মাসুদ রানা লাশ তিনটি শনাক্ত করে খুব সকালে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। গতকাল সোমবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেল, সেখানে আশপাশের গ্রামের মানুষের ভিড়। একই বাড়ির তিন সদস্যের এমন মৃত্যু দেখে তাঁরা হতবিহ্বল। বাড়ির সামনে বাঁশবাগানে বসে আছেন রেবেকার স্বামী ফারুক মিয়া। প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাঁর অপলক দৃষ্টি ছোট্ট ছেলের লাশের দিকে।
সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর কথা হলো ফারুক মিয়ার সঙ্গে, ‘ভাই, আমার আর কিছুই রইল না।’ তিনি জানান, বিয়ের পর প্রথম সন্তান হয় মেয়ে। এরপর ১১ বছর পর হয় ছেলে। রেবেকা মানত করেছিলেন। কয়েক দিন আগে রেবেকা মেয়ে ও ছেলেকে নিয়ে ঢাকায় আসেন। হুজুরের কাছে মানত শেষে রোববার বাড়ি ফিরছিলেন। সাওতা গ্রামের এক পরিচিত গোলাম মোস্তফার সঙ্গে সকালে তাঁদের পাঠিয়ে দেন। কয়েক ঘণ্টা পর জানতে পারেন পদ্মায় লঞ্চ ডুবেছে। ছুটে আসেন পদ্মায়। রাতে খুঁজে পান স্ত্রী ও সন্তানদের নিথর দেহ। মারা গেছেন মোস্তফাও। এ কথা বলতেই ফারুক মিয়া বুক চাপড়ে বলে ওঠেন, ‘আমার সোনার সংসার ডুবে গেল।’

বাগদান শেষে মাকে নিয়ে ফিরছিলেন সাজেদুল

স্ত্রীসহ মানিকগঞ্জে থাকেন সাজেদুলের বড় ভাই লাবু। ভাবির চাচাতো বোনের সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। এ নিয়ে কয়েক দিন আগে মা মদিনা খাতুন (৫৭) সাজেদুলকে নিয়ে মেয়ে দেখতে যান। মেয়ে দেখেই পছন্দ হয় সাজেদুলের। সোনার দুল দিয়ে বাগদান সেরে গ্রামের বাড়ি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাড়ি ফিরে আসেন তিনি। মা থেকে যান সেখানে। তিন দিন আগে আবার মানিকগঞ্জে যান সাজেদুল। বিয়ের অন্যান্য কাজ সেরে এবার মাকে নিয়ে বাড়ি ফিরবেন। বায়না ধরে বড় ভাইয়ের মেয়ে লাবণী খাতুন (১৪) তাঁদের সঙ্গে ছেঁউরিয়ায় আসবে। মা আর ভাতিজিকে নিয়ে লঞ্চে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হলো না।

সাজেদুলের ফুফাতো ভাই সোহেল রানা প্রথম আলোকে বলেন, ভোরে দুজনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। লাবণীকে তার বাবা মানিকগঞ্জে দাফন করবেন বলে নিয়ে গেছেন। আনন্দের বদলে বাড়িতে এখন মাতম।

খেলতে নয়, কাফনের কাপড় গায়ে এনামুল

খোকসা উপজেলার মহিষবাথান গ্রামের ইসমাইল মল্লিকের ছেলে এনামুল হক। স্থানীয় ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। বোন লতা ও ভাগনে হুসাইনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল সে। তারা বাড়ি ফিরল ঠিকই, তবে লাশ হয়ে। যে মাঠে এনামুল খেলায় মত্ত থাকত, সেই মাঠে কাফনের কাপড় গায়ে নিথর দেহে পড়ে ছিল গতকাল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও শিক্ষকেরা এনামুলের বাড়িতে ভিড় জমায়। কান্নায় ভেঙে পড়ে তারা। দুপুর ১২টায় স্কুলের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দোলনায় মেয়ে ঘুমায় বাবা উঠানে

কুষ্টিয়া সদর উপজেলার নতুন কমলাপুর এলাকার হাফিজুর রহমানের একমাত্র ছেলে প্রকৌশলী মেহেদী হাসান বাপ্পী (৩২)। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বাড়ি ফিরছিলেন। তাঁর স্ত্রী রুপা খাতুন, এক ছেলে মোহাম্মদ (৪) ও এক মেয়ে জোয়াইরা। জোয়াইরার বয়স তিন মাস। বাবার চলে যাওয়ার কিছুই বুঝল না ছেলেমেয়ে। স্ত্রী রুপা খাতুন বারবার মূর্ছা যাচ্ছিলেন। দুপুরে কমলাপুরের বাড়িতে গিয়ে দেখা গেল, জোয়াইরা দোলনায় শুয়ে ঘুমাচ্ছে। মোহাম্মদ মুঠোফোনে খেলা করছে। আর তাদের বাবার লাশ তখন বাড়ির উঠানে।