পদ্মায় ডুবল ফারুকের সোনার সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক মিয়ার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। তাঁর স্ত্রী রেবেকা খাতুন (২৯) মেয়ে বীথি খাতুন (১৪) ও ছেলে রাইছানকে (২) নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। ঢাকায় বেড়ানো শেষে গতকাল রোববার গ্রামের বাড়িতে ফেরার পথে লঞ্চডুবির ঘটনায় দুই সন্তানসহ রেবেকা চলে গেলেন না-ফেরার দেশে।

রেবেকার বড় ভাই মাসুদ রানা তিনজনের লাশ শনাক্ত করে আজ সোমবার সকালে সাওতা গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ওই বাড়িতে গিয়ে দেখা গেল, আশপাশের গ্রামের মানুষে ভিড় জমিয়েছেন। বাড়ির সামনে বাঁশবাগানে বসে আছেন রেবেকার স্বামী ফারুক মিয়া। তাঁকে ঘিরে প্রতিবেশী আত্মীয়স্বজন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

কথা বলছেন খুবই কম। কিছুক্ষণ অপেক্ষার পর কথা হলো ফারুক মিয়ার সঙ্গে। নিজে থেকেই শুকিয়ে যাওয়া গলায় বললেন, ‘আমার আর কিছুই রইল না।’ তিনি আরও জানান, বিয়ের পর প্রথম সন্তান মেয়ে হয়। এরপর আর হচ্ছিল না। দীর্ঘ ১১ বছর পর ছেলে হয়। রেবেকা কয়েক দিন আগে মেয়ে ও ছেলেকে নিয়ে ঢাকায় যান বিশেষ এক কাজে। গতকাল সাওতা গ্রামের পরিচিত গোলাম মোস্তফার সঙ্গে স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি পাঠানো হয়। কয়েক ঘণ্টা পর পদ্মায় লঞ্চডুবির কথা শুনে তিনি ঘটনাস্থলে যান। রাতে খুঁজে পান স্ত্রী-সন্তান আর মোস্তফার মৃতদেহ। এরপর ফারুক আহাজারি করতে করতে বলেন, ‘আমার সোনার সংসার ডুবে গেল।’