পদ্মায় পানি বেড়ে দুটি ইউনিয়ন প্লাবিত, ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ও ডিক্রিরচর ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে পদ্মার ভাঙনে গত এক সপ্তাহে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৫০ বিঘা ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনের আতঙ্কে শতাধিক পরিবার বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
ফরিদপুরের আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, ইউনিয়নের সাদীপুর, গধাদরডাঙ্গি ও আলীয়াবাদ—এই তিনটি গ্রামের ২০০টি পরিবারের বসতবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। তলিয়ে গেছে আমন, আখ, সবজি, পাটসহ ৫০০ একর জমির ফসল। গত শুক্রবার সকাল থেকে এলাকাগুলোতে পানি ঢোকা শুরু করে। ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান মো. সাদেকুজ্জামান বলেন, পানি বাড়ার ফলে ইউনিয়নের ধলার মোড় এলাকা প্লাবিত হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, গত ৪৮ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, আলীয়াবাদ ইউনিয়নের যেসব গ্রামে পানি ঢুকেছে, সেগুলো বেড়িবাঁধের বাইরে অবস্থিত। তাই ওই গ্রামগুলোতে পানি ঢোকা রোধ করা সম্ভব নয়।
এক সপ্তাহ ধরে পদ্মায় পানি ক্রমাগত বাড়তে থাকায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া, ছাত্তার মেম্বার পাড়া, কিয়ামদ্দিন মণ্ডল ও ইসাইল শিবরামপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার অনেক পরিবার ভাঙনের আতঙ্কে অন্যত্র সরে গেছে। এ ছাড়া দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড়, চর দেলন্দি, বাঘাবাড়ী, বেথুরি এলাকায় পাকা সড়ক ও প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
দৌলতদিয়ার ছাত্তার মেম্বার পাড়ার নিকবার ফকির বলেন, ‘১৪ বছর ধরে এখানে বাস করছি। এর আগে দুবার ভাঙনের কারণে সর্বস্ব হারাই। পরে মাত্র চার কাঠা জমি বছরে দুই হাজার ১০০ টাকা হারে ভাড়া দিয়ে বাস করছিলাম। এখন তা-ও গেল। উপায় না পেয়ে পার্শ্ববর্তী যদু ফকিরপাড়ার দূরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছি।’
দৌলতদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল বলেন, গত এক সপ্তাহে ইসাইল শিবরামপুর এলাকার ১২টি, কিয়ামদ্দিন মণ্ডলপাড়ার ৬০টি এবং ছাত্তার মেম্বার পাড়ার ২০টি পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র সরে গেছে। এ ছাড়া বাহির চর দৌলতদিয়া এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে।
দেবগ্রাম ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, কাটাখালী-অন্তারমোড় পাকা সড়কের প্রায় ২০০ ফুট অংশ নদীতে বিলীন হয়েছে। চর দেলন্দি গ্রামের মুদি দোকানদার কালাম মণ্ডল বলেন, ১০-১২ দিনের ব্যবধানে তাঁর দোকানটি দুবার স্থানান্তর করতে হয়েছে। প্রতিদিনই কয়েক ফুট করে সড়ক ভেঙে যাচ্ছে। যেভাবে ফসলি জমি ভেঙে যাচ্ছে, এভাবে আর কিছুদিন চললে দেলন্দি গ্রামটি শেষ হয়ে যাবে।
দেবগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, এক সপ্তাহে এসব এলাকায় ভাঙনে প্রায় তিন একর ফসলি জমি পদ্মায় বিলীন হয়েছে।