পদ্মায় বালুবাহী নৌযানডুবি নিখোঁজ ৩
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়াঘাট এলাকার পদ্মা নদীতে ৩০ জন শ্রমিক নিয়ে একটি বালুবাহী নৌযান (বাল্কহেড) ডুবে গেছে। গতকাল শনিবার বিকেলের ওই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ তিনজন হলেন পাবনার ভাঙ্গুরা উপজেলার সুলতানপুর গ্রামের সোহেল (৩২), একই উপজেলার চাঁদপুর গ্রামের জাহাঙ্গীর (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার থামাহীলদাহ গ্রামের জাকির হোসেন (৩২)।
নিখোঁজ যাত্রীদের সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে তলব করা হয়েছে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নদীতে ঢেউ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি এসেও কোনো কাজ করতে পারছেন না।
বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে শিমুলিয়াঘাট থেকে স্পিডবোট নিয়ে ১৬ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া সাঁতরে আরও ১১ জন বেঁচে যান। মোট ২৭ জনের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ ও বেঁচে যাওয়া সবাই মাটিকাটা শ্রমিক।
উদ্ধার হওয়া মোজাম্মেল হক বলেন, ইটভাটার জন্য ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী এলাকা থেকে মাটি কেটে দুপুরে একটি বাল্কহেড নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর দিকে আসছিল। পথে লৌহজং উপজেলায় পদ্মা সেতুর নির্মাণকাজের এলাকায় প্রচণ্ড ঢেউয়ের মুখে ট্রলারটি ডুবে যায়। পরে স্পিডবোট চালকেরা বয়া ফেলে রশি দিয়ে টেনে তুলে ১৬ জনকে উদ্ধার করেন। অন্যরা সাঁতরে তীরে ওঠেন।