পদ্মায় বিলীন বিদ্যালয় হাসপাতালে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরজুজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পদ্মা নদীতে বিলীন হয়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। হাসপাতালে পাঠদানের কারণে অনেকে ক্লাসে আসতে ভয় পাচ্ছে। এদিকে শিশুদের চিৎকার-চেঁচামেচিতে রোগীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নড়িয়া উপজেলার পদ্মার দক্ষিণ তীরে চরজুজিরা গ্রাম। ওই গ্রামেই বিদ্যালয়টির অবস্থান। ১২ আগস্ট পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয়টি বিলীন হয়ে যায়। বিদ্যালয়ে দুটি আধাপাকা ভবনে ছয়টি কক্ষ ছিল। ভাঙন শুরু হলে বিদ্যালয়ের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বিদ্যালয়টি স্থানান্তরের কোনো জায়গা না পাওয়ায় শিশুদের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর উদ্যোগে ১৮ আগস্ট থেকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় শিশুদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। হাসপাতালের তৃতীয় তলার একটি বড় কক্ষে ও বারান্দায় শিশুদের পাঠদান করা হয়। ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৯০ জন শিক্ষার্থী রয়েছে। হাসপাতাল ভবনে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
কেদারপুর গ্রামের পুতুল বিশ্বাস বলেন, ‘আমার ছেলে তৃতীয় শ্রেণীতে পড়ে। হাসপাতালে পড়ানোর কারণে সে স্কুলে আসতে ভয় পায়। তার সঙ্গে আমাকেও স্কুলে থাকতে হয়।’
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মৌসুমি, নিপা আক্তার ও রাফিন জানায়, তারা বিদ্যালয়ে খেলাধুলা করতে পারে না। হাসপাতালে আসতেও তাদের ভয় লাগে। এ কারণে পড়ালেখায় তাদের মনোযোগ নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, ‘কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে হাসপাতাল ভবনে পাঠদান কার্যক্রম চালাচ্ছি। বিদ্যালয় ভবন স্থাপনের জন্য কেউ জায়গা দিতে চাচ্ছে না। শিশুদের নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, স্থানীয়ভাবে জায়গা পাওয়া গেলে ভবন নির্মাণ করা হবে। জায়গা না থাকলে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয় না। তাই অস্থায়ীভাবে হাসপাতাল ভবনেই শিক্ষা কার্যক্রম চালাতে হবে।
নড়িয়ার ইউএনও জহিরুল ইসলাম বলেন, নতুন ভবন নির্মাণ করতে হলে জায়গার প্রয়োজন। ওই এলাকায় নদীভাঙনে অনেক বসতবাড়ি ও জমি বিলীন হয়ে গেছে। আশপাশেও কোনো জায়গা পাওয়া যাচ্ছে না।