পদ্মায় ব্যারাজ নির্মাণে যৌথ উদ্যোগ চান প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে বৈঠক করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে বৈঠক করেন l ছবি: ফোকাস বাংলা

পদ্মা নদীতে গঙ্গা ব্যারাজ নির্মাণে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। খবর বাসস ও ইউএনবির।
দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা সেচ, জীববৈচিত্র্য রক্ষাসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য রাজবাড়ীর পাংশায় গঙ্গা ব্যারাজ তৈরির পরিকল্পনা করেছে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৩২ হাজার কোটি টাকা।
বাংলাদেশের প্রস্তাবিত জায়গা থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজ রয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার জন্য এলপিজি টার্মিনাল নির্মাণ ও পরিবহনের জন্য ভারতের প্রস্তাব পরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ বিষয় নিয়ে ভারতীয় তেল কোম্পানি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের হাইকমিশনার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের সফরের সময় গৃহীত চুক্তি ও অন্যান্য সিদ্ধান্ত¯বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
ভারতের হাইকমিশনার বলেন, পেট্রাপোলে একটি সমন্বিত অভিবাসন চেকপোস্ট স্থাপিত হচ্ছে। এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতের একটি অভিবাসন চেকপোস্ট চালুর জন্য প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
পর্যটন খাতে সক্ষমতায় জাতিসংঘের স্বীকৃতি পাচ্ছেন প্রধানমন্ত্রী: আর্থসামাজিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের পর্যটন খাতের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিগগিরই ‘ওপেন লেটার অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ হস্তান্তর করবেন জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডাব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই।
ইউএনডব্লিউটিও এবং ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের উদ্যোগে যেসব দেশের আর্থসামাজিক প্রবৃদ্ধিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জাতীয় নীতিমালায় অগ্রাধিকার দেওয়া হয়, স্বীকৃতি হিসেবে সেসব দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের ‘ওপেন লেটার অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ দেওয়া হয়।