পদ্মায় ভাঙন, হুমকিতে লক্ষাধিকমানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে প্রমত্তা পদ্মায় বিলীন হয়েছে দুটি উপজেলার ১৫টি করে ৩০টি বসতবাড়ি ও ছয়টি দোকান। পদ্মাসংলগ্ন মুন্সিগঞ্জের মাওয়া-ভাগ্যকূল ও দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ বেড়িবাঁধের দুটি স্থানের কিছু অংশ ভেঙে গেছে। এতে মাওয়া-ভাগ্যকূল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ভাঙনের হুমকির মুখে রয়েছে দোহারের নয়াবাড়ী ও কুসুমহাটি, নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ও বারোয়াখালী এবং শ্রীনগরের ভাগ্যকূল ইউনিয়নের লক্ষাধিক মানুষ। পদ্মার তীরে স্থায়ী বাঁধ নির্মাণ, ভিটেমাটি ও সহায়-সম্পদ রক্ষা করার দাবি জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।

বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দোহারের নয়াবাড়ীর বাহ্রাঘাটে দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ বেড়িবাঁধের (কাশিয়াখালী বাঁধ) কিছু অংশ ভেঙে গেছে। যেকোনো সময় সেখানে পুরো বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে দোহার ও নবাবগঞ্জের কয়েক হাজার বসতবাড়ি ও শত শত একর ফসলি জমি। এ ছাড়া নয়াবাড়ীর ধোয়াইর বাজারসংলগ্ন দেওয়ানবাড়ীর মোড়ে বাঁধে ফাটল ধরেছে। ভাঙন শুরু হয়েছে নয়াবাড়ীর অরঙ্গাবাদ, পানকুণ্ডু, বালেঙ্গা, ধোয়াইর, নয়াডাঙ্গী ও বাহ্রা বাজারেও।

গতকাল শুক্রবার সরেজমিনে জানা যায়, পদ্মা তীরবর্তী নয়াবাড়ীর বাহ্রাঘাটে তিনটি বাড়ি ও পাঁচটি দোকান, আন্তায় পাঁচটি বাড়ি ও ধোয়াইরে দুটি বাড়ি এবং মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর ও নারায়ণপুরে পাঁচটি বাড়ি বিলীন হয়েছে। বাঁধ রক্ষায় বিভিন্ন স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে নদীর তীরে বাঁশ পুতে বালুর বস্তা ফেলছেন। পানকুণ্ডু গ্রামের শেখ খোয়াজ (৭০) বলেন, ‘বাজান, আমরা চাইড্ডা ডাল-ভাত খাইয়া বাঁইচা থাকতে চাই। অন্য কিছু চাই না। নদীভাঙন থেকে রক্ষা চাই।’

নয়াডাঙ্গী গ্রামের গৃহবধূ আনোয়ারা (৫৫) বলেন, ‘হাসিনা মা, জয়পাড়া আইসা কইলো ভোটে পাস করলে গাঙে বান দিবো, কিছুই তো দিলো না। আমাগো একটাই চাওয়া ছিল, গাঙ ভাঙা থেইকা রক্ষা করা। কিন্তু কিছুই করে নাই। তাই সামনে যারা ভোট চাইবার আইবো তাগো গাঙে ডুবামু।’

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীমুল হক জানান, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। অস্থায়ীভাবে বাঁধ রক্ষায় দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শ্রীনগরের ভাগ্যকূল বাজারের তিনটি দোকান ও ১৫টি বসতবাড়ি গত এক সপ্তাহে বিলীন হয়ে গেছে। ভাগ্যকূল বেড়িবাঁধের মান্দ্রা এলাকায় বেশ কিছু অংশ বিলীন হওয়ায় মাওয়া-ভাগ্যকূল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙনের হুমকিতে আছে ভাগ্যকূল মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাগ্যকূল বাজারের চার শর মতো দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান, বাজারে মসজিদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।

ভাগ্যকূল গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিবছর ভাঙন রোধে প্রশাসন ও সরকারের লোকজন আমাদের আশ্বাস দিয়ে যায়। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। আমরা আর মিথ্যা আশ্বাস শুনতে চাই না।’ ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘ভাঙন প্রতিরোধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছি। গত বছর শুনেছিলাম, এখানে বাঁধ নির্মাণের জন্য অনেক টাকা বরাদ্দ এসেছে। কিন্তু সেই টাকা ও বাঁধ কোথায়?’

শ্রীনগরের ইউএনও শাহানারা বেগম প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি পাউবোকে ব্যবস্থা নিতে বলেছেন বলে জানিয়েছেন। মুন্সিগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, গত বছর ভাগ্যকূলে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ২৬০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানো হয়েছিল। সেই প্রকল্পটি ফেরত এসেছে। এখন আবার নতুন করে আরেকটি প্রকল্প তৈরি করা হচ্ছে।