পদ্মায় মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে আরিফ মৃধা (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ফেরির পন্টুনের নিচে আটকা পড়ে তার মৃত্যু হয়।
আরিফ স্থানীয় শাহাদত্ মেম্বারপাড়ার মো. বাবলু মৃধার ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করত।
আরিফের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো আজ বিকেল চারটার দিকে দুই বন্ধুকে সঙ্গে করে আরিফ দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটে পন্টুনের কাছে ডুব দিয়ে মাছ ধরতে যায়। তিনজন একত্রে ফেরির পন্টুনের নিচে মাছ শিকার করতে ডুব দেওয়ার পর অন্য দুই কিশোর উঠে গেলেও আরিফ আর ওঠেনি। আরিফকে খোঁজাখুঁজির জন্য বিকেল সাড়ে চারটা থেকে ওই ঘাটে ফেরি ভেড়ানো বন্ধ রাখে কর্তৃপক্ষ। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাল দিয়ে পন্টুনের নিচ থেকে তার লাশ তুলে আনা হয়।
আরিফের চাচা মাসুম মৃধা জানান, আরিফ দৌলতদিয়া ফেরিঘাটে দৌলত নামের এক খাবার হোটেলে শ্রমিকের কাজ করত। সে সহ স্থানীয় কিছু তরুণ-যুবক প্রায়ই পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় পন্টুনের নিচে ও তার আশপাশে ডুব দিয়ে চিংড়ি, বেলেসহ অন্যান্য মাছ ধরত। এই মাছ স্থানীয়ভাবে বিক্রি করত। অন্যদিনের মতো আজ বিকেলেও তারা বন্ধুরা মিলে একত্রে মাছ ধরতে গিয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ১ নম্বর ফেরিঘাটের পন্টুনের নিচে মাছ ধরতে গিয়ে এক কিশোর নিখোঁজের বিষয়টি জানার পর প্রায় দেড় ঘণ্টার মতো ওই ঘাটে ফেরি ভেড়ানো বন্ধ রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিশোরের লাশ উদ্ধার হলে আবার ফেরি ভেড়ানো শুরু হয়।