পদ্মার এমডিসহ ৯১ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ঊর্ধ্বতন তিনজন কর্মকর্তা ও নতুন নিয়োগ পাওয়া ৮৮ কর্মচারীর বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করেনি। আর এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি দুদক।
কোম্পানিতে অবৈধভাবে নিয়োগদানের অভিযোগে করা মামলায় গত ২৯ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান এ চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
জানতে চাইলে এইচ এম আখতারুজ্জামান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রামে মাস খানেক হয় যোগদান করেছি। দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমতি পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি।’
পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া ও নিয়োগ কমিটি গঠন ছাড়াই ৮৮ জন কর্মচারীকে চাকরি দেওয়ায় গত বছরের ১০ জুলাই চট্টগ্রামের সদরঘাট থানা দুদকের উপপরিচালক মো. মোরশেদ আলম বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছিলেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের দুদক আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই ৮৮ জনকে অবৈধভাবে নিয়োগ দেন। এতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলার আসামিরা হলেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, মহাব্যবস্থাপক (অর্থ) হেলাল আহমেদ চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল হাসান ও নতুন নিয়োগ পাওয়া ৮৮ কর্মচারী। এই কর্মচারীদের নিয়োগ ভিন্ন ভিন্ন তারিখে হওয়ায় পৃথক তিন মামলা করা হয়। কিন্তু মামলাগুলোতে উল্লেখ করা অপরাধের ধরন একই রকম।
মামলার প্রায় ছয় মাস পর তদন্তকারী কর্মকর্তা ওই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেন। চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তকালে জব্দ করা রেকর্ডপত্র, প্রাপ্ত তথ্যাদি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে, নিয়োগসংক্রান্ত কোনো কমিটি গঠন না করে, কোনো ধরনের নিয়োগ পরীক্ষা না নিয়ে এবং যথাযথ নিয়োগ-প্রক্রিয়া অনুসরণ না করে ২০০৯-১০ অর্থবছরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদে ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধভাবে নিয়োগের বিষয়ে সাক্ষ্য-স্মারক দাখিল করা হয়েছে। সাক্ষ্য-স্মারকের পরিপ্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় ঢাকার স্মারক নম্বর সি ১২২, ১৩ চট্টগ্রাম অংশ (১).২৯৪৯২, তারিখ ৪-১১-১৩ মূলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দাখিল এবং পদ্মা অয়েলের অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের ও অন্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সাক্ষ্য-স্মারকলিপি দাখিল করা হয়। ওই সাক্ষ্য-স্মারকের আলোকে দুদক প্রধান কার্যালয় ঢাকার স্মারক নম্বর সি ১২২, ১৩ চট্টগ্রাম অনুসন্ধান ও তদন্ত ২.৯৬২, তারিখ ১২-০১-১৪ মূলে মামলাগুলোতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘অবৈধভাবে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ পাঠিয়েছি।’
এদিকে তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না।’
দুদকের আইনজীবী মাহমুদুল হকের কাছে অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ প্রসঙ্গে মামলার বাদী মো. মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ অনুসন্ধানের পর আমরা রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা পদ্মা অয়েল কোম্পানির শীর্ষ তিন কর্মকর্তাসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাই। আসামিরা ওই সব নিয়োগের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারসহ প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন। তাই আমরা ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে দুদক ও দণ্ডবিধি আইনে তিনটি মামলা করি। এখন তদন্তের পর কেন চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলো তা আমার জানা নেই।’