পদ্মার গর্ভেই চলে গেল বিদ্যালয় ভবনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর কালকিনিপুর গ্রামের হুকুম আলী চোকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভবনটি রক্ষায় স্থানীয় ব্যক্তিদের আবেদনে সময়মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গত রোববার ভবনটি ভেঙে নদীগর্ভে চলে যায়।
এলাকার কয়েকজন জানান, পদ্মার চরাঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৯২ সালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একতলা বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। এক মাস ধরে গ্রামটি নদীভাঙনের শিকার। সংশ্লিষ্টদের অবহেলা ও অনীহায় বিদ্যালয় ভবনটি নিলামে দেওয়াও সম্ভব হয়নি।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা বলেন, ‘বিদ্যালয়টি এলাকার একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। চরাঞ্চলের বেশির ভাগ শিশু এখানে পড়াশোনা করত। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে বিদ্যালয়ের আশপাশের ফসলি জমি পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছিল। এ এলাকায় ভাঙন দেখা দেওয়ার পর দেড় মাস ধরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয় ভবনটি নিলাম দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি। এমনকি তাঁকে সঙ্গে নিয়ে সরেজমিনে অবস্থা দেখানোর পরও তিনি বিষয়টি আমলে নেননি। এখন বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হলো।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম জানান, বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা আপাতত বন্ধ রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক বলেন, ‘এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই ওই এলাকায় পদ্মা নদীর ভাঙনের তীব্রতা বাড়ে। বিদ্যালয় ভবনটি ভাঙনের ঝুঁকির মধ্যে পড়ে। গত বৃহস্পতিবার আমরা বিদ্যালয় ভবন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে আবেদন করি। কিন্তু তখন সবাই বন্যার্তদের ত্রাণ দিতে ব্যস্ত থাকায় বিদ্যালয় ভবনটির নিলাম ডাকের সুযোগ হয়নি। জমি পাওয়া গেলে সেখানে নতুন করে ভবন করা যায় কি না কর্তৃপক্ষ সে সিদ্ধান্ত নেবে।’