পদ্মার চর থেকে প্রভাবশালীদের মাটি লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। চরে অবৈধভাবে তিন মাস ধরে মাটি লুটপাট করছে প্রভাবশালী একটি মহল। এতে পদ্মার গতিপথ পরিবর্তনের আশঙ্কা করছেন এলাকাবাসী। পাশাপাশি ভাঙনের মুখে পড়তে পারে সরকারি আবাসন প্রকল্পসহ কয়েক হাজার বসতবাড়ি।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, সরকারি জমিকে ব্যক্তি-মালিকানাধীন সম্পত্তি দাবি করে স্থানীয় প্রভাবশালী তোফাজ্জল সিকদার, আজাহার সর্দার, নান্নু ও বাহের খাঁর নেতৃত্বে ১৫-১৬ জন দেদার মাটি কাটছেন। ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর-ঝাউকান্দা ফেরিঘাটসংলগ্ন এলাকায় পদ্মার চরে মাটি কাটা চলছে। সকাল থেকেই মাটি সংগ্রহের জন্য জড়ো হতে থাকে শতাধিক ট্রাক। এভাবে মাটি লুটপাটের ফলে পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে আগামী বর্ষায় ভাঙনের মুখে পড়তে পারে চরসংলগ্ন সরকারি আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের কয়েক হাজার বসতবাড়ি। মাটিভর্তি শতাধিক ট্রাক সকাল থেকে রাত পর্যন্ত কোনো রকম ত্রিপল বা ঢাকনা ছাড়াই চলাচল করছে দোহার ও নবাবগঞ্জের রাস্তায়। এতে ধুলামাটিতে একাকার হয়ে যাচ্ছে রাস্তার দুই পাশের দোকান ও বাড়িঘর। বিপাকে পড়ছে পথচারীসহ স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও। বাতাসে মাটি উড়ে পথচারীদের চোখে গিয়ে পড়ে। নবাবগঞ্জ উপজেলার ছোট ছোট রাস্তাঘাটে যেখানে ট্রাক বা ভারী যান চলাচলের অনুমতি নেই, মাটিভর্তি ট্রাক চলাচল করায় সেই রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। ফলে এলাকাবাসীর চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।দোহারের জয়পাড়ার মো. সেলিম বলেন, ‘কারে বলুম ভাই! তাগো চোখে তো গ্যাস। আমাগো তো গ্যাস কিনার সামর্থ্য নাই। তাই ধুলাই খাই।’ পথচারী আব্দুস সালাম অভিযোগ করেন, ‘বইলা কি অইব! এগো বলা যা, না বলাও তাই। বইলা শত্রু অইয়া লাভ কী? হর্তাকর্তা তো হেরাই। ৬০ বছর তো এলাকা দিয়া চলাফেরা করি, এই রকম মাটি নেওয়া কোনো দিন দেহি নাই।’ সরেজমিনে দেখা গেছে, কার্তিকপুর-ঝাউকান্দা ফেরিঘাটসংযোগ সড়কের দুই পাশে জেগে ওঠা নতুন এ চরে তিন মাস ধরে শুরু হয়েছে মাটি কাটার এ প্রতিযোগিতা। সরকারি রাস্তাও বাদ যাচ্ছে না এর হাত থেকে।দোহার উপজেলার কার্তিকপুরের মাটি বিক্রেতা তোফাজ্জল সিকদার ও বাহের খাঁ জানান, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে সে জায়গাটা তাঁদের নিজস্ব সম্পত্তি। নিজস্ব সম্পত্তি দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা। তাঁদের দাবি, আরএস রেকর্ডের হিসাবমতে, তাঁরা এই সম্পত্তির মালিক।দোহারের সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খান বলেন, ‘যে স্থান থেকে ওরা মাটি কাটছে তার অধিকাংশই খাস জমি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ দত্ত জানান, তাঁর ধারণা, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে সেটি সরকারি জমি। আর সরকারি জমি থেকে মাটি কাটার অনুমতি কাউকে দেওয়া হয়নি।