পদ্মার চরে অলিম্পিক কমপ্লেক্স হবে: প্রধানমন্ত্রী

সরকার খেলাধুলার মান উন্নয়নে পদ্মার চরে ক্রীড়াপল্লি এবং অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবসমাজকে যেকোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা একান্তভাবে জরুরি মন্তব্য করে তিনি বলেন, ‘সেই পদক্ষেপই আমরা নিতে চাচ্ছি।’
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পার্শ্বস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে চতুর্থ রোলবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বাসসের খবরে জানা যায়, প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা উন্নতমানের ক্রীড়াপল্লি গড়ে তুলব, যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও আমরা ওখানে তৈরি করতে চাচ্ছি।’
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আন্তর্জাতিক রোলবল ফেডারেশনের (আইআরবিএফ) সহযোগিতায় ঢাকায় ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ‘চতুর্থ রোলবল ওয়ার্ল্ড কাপ-২০১৭’ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধানমন্ত্রী চতুর্থ রোলবল বিশ্বকাপের পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ভারত এবং ইরানের হাতে প্রতিযোগিতার ট্রফি তুলে দেন। তিনি খেলোয়াড়, আয়োজক ও কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত ট্রফি বিতরণ করেন।
খেলায় ভারত পুরুষ বিভাগে ইরানকে ৮-৭ গোলে এবং মহিলা বিভাগে ৬-৪ গোলে পরাজিত করে উভয় বিভাগেই শিরোপা জয় করে। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৩ বছরের বয়সের হৃদয় সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে।
বাংলাদেশ পুরুষ দল প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।
এ সময় মঞ্চে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল, আন্তর্জাতিক রোলবল ফেডারেশনের সভাপতি পেনিয়া কাবিঙ্গে এবং সাধারণ সম্পাদক রাজু ডাবাদে উপস্থিত ছিলেন।
এবারই প্রথমবারের মতো এই খেলায় সর্বোচ্চসংখ্যক ৩৯টি দেশ ও সর্বোচ্চ ৬২৫ জন ক্রীড়াবিদ অংশ নেন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সমন্বয়ক এবং চতুর্থ রোলবল বিশ্বকাপের আয়োজন কমিটির প্রধান মো. আবুল কালাম আজাদ বক্তব্য দেন। ৩৯টি দেশের ৬২৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ অমর একুশে ফেব্রুয়ারির ভাষাশহীদ এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের নামফলক উন্মোচন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।