পদ্মার চরে আধুনিক ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা একটি উন্নতমানের ক্রীড়াপল্লি গড়ে তুলব, যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও আমরা ওখানে তৈরি করতে চাচ্ছি।’
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার চতুর্থ রোলবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি এবারের রোলবল বিশ্বকাপে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ভারত এবং ইরানের হাতে প্রতিযোগিতার ট্রফি তুলে দেন।
বাংলাদেশ পুরুষ দল প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল সপ্তমে। প্রধানমন্ত্রী খেলোয়াড়, আয়োজক এবং কর্মকর্তাদের মাঝেও ব্যক্তিগত ট্রফি বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৩ বছর বয়সী হৃদয় সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আন্তর্জাতিক রোলবল ফেডারেশনের (আইআরবিএফ) সহযোগিতায় ঢাকায় ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ‘চতুর্থ রোলবল বিশ্বকাপ, ২০১৭’ প্রতিযোগিতার আয়োজন করে। এবারই প্রথম এই খেলায় সর্বোচ্চসংখ্যক ৩৯টি দেশ ও সর্বোচ্চ ৬২৫ জন ক্রীড়াবিদ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের নামফলক উন্মোচন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।