পদ্মার চরে জাপানি স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার চরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাপানের পল্লি উন্নয়ন সংস্থা (পিইউএস) নামের একটি সংস্থার অর্থায়নে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম ‘ইল-ছান সিমিজু আবদুল মজিদ মৃধা প্রাথমিক বিদ্যালয়’।
উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঝাউটিয়ার পদ্মার চরে গতকাল মঙ্গলবার রাতে বিদ্যালয়টির উদ্বোধন করেন সাবেক হুইপ ও স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন। এ সময় পিইউএসের ভাইস প্রেসিডেন্ট কেইকো আইওয়াশিতা, পিইউএসের সদস্যসচিব মিস জিউজুমি, দলনেতা ইতুমিসহ জাপানের ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন বোলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ শিকদার, কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
ওই চরে গত বছরের ৫ সেপ্টেম্বর কেইকো আইওয়াশিতাসহ জাপানের একটি প্রতিনিধিদল ঘুরতে এসে এখানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিদ্যালয় নির্মাণের আগ্রহ প্রকাশ করে। তাদের আগ্রহের কথা জানতে পেরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা শেখ মারফত আলী মেম্বারের ছেলে এস এম আলসাম বিদ্যালয়ের জন্য জমি দেন। সেই জমিতে শুরু হয় পিইউএসের অর্থায়নে বিদ্যালয় নির্মাণের কাজ।
জমিদাতা আলসাম জানান, ১৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টি করা হয়েছে। পুরোটাই দিয়েছে ওই জাপানি সংস্থা। তিনি আরও বলেন, বিদ্যালয়টি যাঁর নামে করা হয়েছে, সেই আবদুল মজিদ মৃধা হচ্ছেন তাঁর চাচা। তাই বিদ্যালয়টির নাম জাপানি ও বাংলা দুই ভাষাতেই রাখা হয়েছে। নামটির জাপানি অংশ ইল-ছান সিমিজুর অর্থ ‘মানুষের মঙ্গলার্থে’। ‘ইল-ছান সিমিজু আবদুল মজিদ মৃধা প্রাথমিক বিদ্যালয়’-এর অর্থ দাঁড়ায় মানুষের মঙ্গলার্থে আবদুল মজিদ মৃধা প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এরই মধ্যে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জাপানি সংস্থাটিই তাঁদের বেতন-ভাতা দেবে। বিদ্যালয়টিতে ওই চরের ১৭৯টি শিশু ভর্তি হয়েছে।
পিইউএসের ভাইস প্রেসিডেন্ট কেইকো আইওয়াশিতা বলেন, ‘বাংলাদেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করছি। লৌহজংয়ের পদ্মার চরের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এখানে বিদ্যালয়টি করার সিদ্ধান্ত নিই।’
সাংসদ সাগুফতা ইয়াসমিন বলেন, বিদ্যালয়টি জাপান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেছে। লৌহজং তথা পদ্মার চরের বাসিন্দারা এই বিদ্যালয়ের জন্য জাপানের কাছ চিরকৃতজ্ঞ থাকবেন।