পদ্মার চরের আকাশে রঙের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটাই থেকে সুতা ছাড়তে গিয়ে হাত কেটেছে, তবুও নাটাই ছাড়েননি। মজা করে ঘুড়ি উড়িয়েছেন চারুকলা অনুষদের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত শ্যামা। খুব ছোট বয়সে দাদাবাড়ি বেড়াতে গিয়ে ঘুড়ি উড়িয়েছিলেন; তারপর ১২-১৩ বছর পর আবার ওড়ালেন গতকাল শনিবার। শ্যামার মতো অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে পদ্মার চরে এসেছিলেন ঘুড়ি ওড়ানোর অনাবিল আনন্দে মেতে উঠতে।গতকাল বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন মুন্সিগঞ্জের লৌহজং পদ্মার চর মাগুরায় আয়োজন করেছিল দিনব্যাপী ঢাকা ঘুড়ি উৎসব।সকালে ঢাকা ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এম আহাদ আলী সরকার। উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ছিয়ান খাই ফু, অধ্যাপক এ আর খান, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, ম হামিদ, চিত্রশিল্পী আবদুল মান্নান প্রমুখ।বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ দেশি ঘুড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দেশজুড়ে এর আবেদন ছড়িয়ে দিতে ঘুড়ি ফেডারেশন আট বছর ধরে কাজ করে আসছে বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা। তিনি জানান, ‘ঘুড়ি তৈরির মধ্যে সৃষ্টির একটা আনন্দ আছে। আর ঘুড়ি ওড়ানোর জন্য দরকার উন্মুক্ত জায়গা। শহুরে জীবন খুব কঠিন। সবকিছু ঠাসা ঠাসা দালান দিয়ে ঘেরা। ফলে ঘুড়ি ওড়ানোর আনন্দ পেতে উন্মুক্ত জায়গায় এসেছি।’ পদ্মার চরের উন্মুক্ত আকাশে গতকাল উড়েছে শত শত ঘুড়ি। এসব রঙিন ঘুড়ির ওড়াউড়িতে আকাশে যেন রঙের খেলা। ঘুড়ির আবার কত রকমের নাম। মেঘবালিকা, আগুনে পাখি, বেশাতি, ঝাঁপ, অক্টোপাস, কামরাঙা, মৌচাক, সাপ, ডেল্টা, মিকিমাউস, গুবড়েপোকা, বাক্সঘুড়িসহ শতাধিক নকশার বর্ণিল ঘুড়ি উড়েছে পদ্মার ওপরের আকাশে। আর নিচে বইছে গা-জুড়ানো বাতাস। ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠেছিলেন অংশগ্রহণকারীরা।