পদ্মার চরের মাটি লুট
ঢাকার দোহার উপজেলায় পদ্মার চরে দেদার মাটি লুট করা হচ্ছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের মুখে পড়ছে বহু জনবসতি। অবাধে ট্রাক চলাচলের কারণে সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়ে এলাকাবাসীর দুর্ভোগ বাড়ছে। দোহারের মাহমুদপুর, বিলাশপুর, মোকসেদপুর চর, চর পুরুলিয়ায় ও নারিশার চর ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুয়া কাগজপত্র তৈরি করে খাসজমিকে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি দেখিয়ে এবং স্থানীয় প্রশাসনকে হাত করে একটি প্রভাবশালী মহল মাটি লুটপাট করছে।
পদ্মা নদীবেষ্টিত দোহারের কার্তিকপুর-মৈনট ফেরিঘাটে গিয়ে সম্প্রতি দেখা গেছে, নদীর তীরে জেগে ওঠা চরে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি তোলা হচ্ছে। সকাল থেকেই মাটি সংগ্রহের জন্য জড়ো হতে থাকে শতাধিক ট্রাক। এতে পদ্মার গতিপথ বদলে গিয়ে বর্ষা মৌসুমে নদী পারের সরকারি আশ্রয়ণ প্রকল্পসহ জনবসতিগুলোর ভাঙনের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবিবুল্লাহ বলেন, পদ্মার পাড় থেকে খননযন্ত্র দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে বর্ষা মৌসুমে পাশের আবাসন প্রকল্পের জনবসতি ভাঙনের মুখে পড়তে পারে। চর কুশাইরচর এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, ক্ষমতাবানদের আশ্রয়-প্রশ্রয়ে এসব হচ্ছে। কার্তিকপুর এলাকার বাসিন্দা আবদুস সালাম করেন, ‘৬০ বছর তো এলাকা দিয়া চলাফিরা করি, এই রকম মাটি নেওয়ার চিত্র কোনো দিন দেহি নাই।’
মৈনট ঘাট এলাকায় মাটি উত্তোলনকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান উপজেলা পরিষদের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কাজের স্বার্থে বালু তোলার অনুমতি দিয়েছিলেন। মাহবুবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন বলেন, মাহমুদপুরের বাহের আলীসহ আরও কয়েকজনের নেতৃত্বে এসব মাটি কাটা হচ্ছে। এ ছাড়া বিলাশপুর, নারিশা, মোকসেদপুর ও চর পুরুলিয়ায় সিন্ডিকেট করে বালু বিক্রি করা হচ্ছে। স্থানীয় ইটভাটা, সংস্কারকাজ ও সেতুর সংযোগ সড়কে এ বালু ব্যবহার করা হয়। মাটিভর্তি শতাধিক ট্রাক সকাল থেকে রাত পর্যন্ত কোনোরকমে ত্রিপল ছাড়াই চলাচল করছে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রধান সড়কগুলোতে। এতে ধুলা ও মাটিতে একাকার হয়ে যাচ্ছে রাস্তার দুই পাশের বাড়িঘর ও দোকানের জিনিসপত্র।
বাহের আলী দাবি করেন, যেখান থেকে মাটি কাটা হচ্ছে সেটা তাদের নিজস্ব সম্পত্তি। এ ছাড়া অন্যের জমির মাটি কিনেই তারা এলাকার বিভিন্ন প্রকল্পে ব্যবহার করছেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল করিম ভূঁইয়া বলেন, অবৈধ উপায়ে কোনো মাটি বা বালু কাটা যাবে না। কেউ কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।